৪ উপকরণে স্বাস্থ্যকর স্মুদি: সকালে এই পানীয়েই মিলবে শক্তি!
সকালের প্রাতরাশ শরীরের সারাদিনের শক্তি, হজম এবং রক্তে শর্করার নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে। তাই পুষ্টিবিদেরা বারবার বলেন, সকালে এমন খাবার খাওয়া উচিত যাতে প্রোটিন, ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাট—এই তিনটি উপাদানই থাকে। এই ভারসাম্যই শরীরকে দীর্ঘ সময় চাঙ্গা রাখে এবং অপ্রয়োজনীয় ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে।
এই ধারণা মাথায় রেখেই বিশেষ এক ধরনের পুষ্টিকর স্মুদির কথা জানিয়েছেন হার্ভার্ড এবং এমসে প্রশিক্ষিত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট Saurabh Sethi। তাঁর মতে, মাত্র চারটি মূল উপকরণেই তৈরি করা যায় এমন এক স্মুদি, যা শরীরের জন্য একাধিক উপকার বয়ে আনে।
এই স্মুদির মূল চার উপকরণ হলো—চিয়া বীজ, তুলসী বীজ, কাঠবাদাম এবং আখরোট। অনেক ক্ষেত্রে সূর্যমুখী ও কুমড়োর বীজও যোগ করা হয়। এই সব উপকরণ আগের রাতে ভিজিয়ে রেখে সকালে কাঠবাদামের দুধের সঙ্গে মিশিয়ে ব্লেন্ড করলেই তৈরি হয়ে যায় পানীয়টি।
স্বাদ ও পুষ্টি বাড়াতে এর সঙ্গে যোগ করা যেতে পারে দু’টি খেজুর। চাইলে প্রোটিন পাউডার, বেরি জাতীয় ফল বা আপেলের ছোট টুকরোও ব্যবহার করা যায়। ফলে একদিকে যেমন স্বাদ বাড়ে, অন্যদিকে পুষ্টিগুণও বহুগুণ বৃদ্ধি পায়।
এই স্মুদির সবচেয়ে বড় সুবিধা হলো এর ভারসাম্যপূর্ণ পুষ্টি গঠন। এতে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। প্রোটিন দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি দেয়, আর স্বাস্থ্যকর ফ্যাট শরীরে প্রয়োজনীয় শক্তি জোগায়।
চিয়া ও তুলসী বীজে থাকা ফাইবার এবং অ্যান্টি-অক্সিড্যান্ট রক্তে শর্করার হঠাৎ ওঠানামা নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলে এই স্মুদি খেলে দিনের শুরু থেকেই এনার্জি স্থিতিশীল থাকে এবং ক্লান্তি কম অনুভূত হয়।
আখরোট, সূর্যমুখী ও কুমড়োর বীজে থাকা ফ্যাটি অ্যাসিড হৃদ্স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং প্রদাহ কমায়। অন্যদিকে অ্যান্টি-অক্সিড্যান্ট শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে সামগ্রিক সুস্থতা বজায় রাখতে ভূমিকা রাখে।
পুষ্টিবিদদের মতে, এমন একটি সহজ স্মুদি প্রতিদিনের সকালের রুটিনে যুক্ত করলে হজমশক্তি উন্নত হয়, শক্তি দীর্ঘস্থায়ী থাকে এবং রক্তে শর্করার ভারসাম্য বজায় থাকে।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা