৪০০ মিটারের ‘ভয়ঙ্কর’ সফর!!
বিদেশ থেকে মুম্বইয়ে পা রেখেই দুঃস্বপ্নের মুখোমুখি হলেন এক তরুণী। বিমানবন্দরে নামার পর নিরাপদ ও স্বাভাবিক যাত্রার আশায় তিনি একটি ট্যাক্সি ভাড়া করেছিলেন। গন্তব্য ছিল মুম্বইয়ের একটি বিলাসবহুল হোটেল। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সেই ছোট্ট যাত্রা বদলে যায় আতঙ্ক আর হয়রানির অভিজ্ঞতায়।
অভিযোগ অনুযায়ী, বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে থাকা এক ট্যাক্সিচালককে তরুণী নির্দিষ্ট হোটেলের ঠিকানা দেন। চালক প্রথমে সেই ঠিকানায় নিয়ে যাওয়ার কথা বললেও, মাঝপথে তাঁকে সম্পূর্ণ অন্য জায়গায় নিয়ে যান। তরুণীর দাবি, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই তাঁকে ঘুরপথে নিয়ে যাওয়া হয়। কিছু সময় পর আবার রাস্তায় ঘুরে ঘুরে শেষ পর্যন্ত তাঁকে ঠিক গন্তব্যে পৌঁছে দেন ওই চালক।
এখানেই শেষ নয়। হোটেলে পৌঁছে ভাড়া মেটাতে গিয়ে তরুণী কার্যত হতবাক হয়ে যান। মাত্র ৪০০ মিটার দূরত্বের যাত্রার জন্য চালক ১৮ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ। অস্বাভাবিক এই ভাড়ার অঙ্কে চমকে গিয়ে তরুণী চালকের সঙ্গে তর্কে জড়ান। পরিস্থিতি বুঝে তিনি ওই ট্যাক্সির নম্বরপ্লেটের ছবি তুলে নেন।
পরে সেই ছবিগুলি সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি। যদিও ছবির সত্যতা আলাদা করে যাচাই করা হয়নি, তবু মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। ‘আর্জেন্টিনা আরিয়ানো’ নামে একটি অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করা সেই ছবিগুলিতে দেখা যায়, এক ট্যাক্সিচালক গাড়ির পিছনে দাঁড়িয়ে মালপত্র নামাচ্ছেন। পোস্টের সঙ্গে তরুণী জানান, মুম্বই বিমানবন্দরে নামার পর তিনি যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, তা ছিল অত্যন্ত ভয়াবহ এবং অস্বস্তিকর।
এই পোস্ট নজরে আসে মুম্বই পুলিশের। বিষয়টির গুরুত্ব বুঝে পুলিশ দ্রুত যোগাযোগ করে ওই তরুণীর সঙ্গে। তাঁর কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ, ট্যাক্সির নম্বর এবং অন্যান্য তথ্য সংগ্রহ করা হয়। প্রাথমিক তদন্তের পর অভিযোগের সত্যতা মিলতেই অভিযুক্ত ট্যাক্সিচালককে গ্রেফতার করে মুম্বই পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চালকের বিরুদ্ধে প্রতারণা ও যাত্রীকে হয়রানির অভিযোগে মামলা রুজু করা হয়েছে। কীভাবে এবং কেন তিনি যাত্রীকে ভুল পথে নিয়ে গিয়েছিলেন, সেই সঙ্গে অস্বাভাবিক ভাড়ার অঙ্কের পিছনে তাঁর উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার পর ফের একবার বড় শহরে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বিদেশি পর্যটকদের ক্ষেত্রে এমন অভিজ্ঞতা দেশের ভাবমূর্তির পক্ষেও উদ্বেগজনক বলে মত অনেকের। মুম্বই পুলিশ জানিয়েছে, বিমানবন্দর সংলগ্ন এলাকায় নজরদারি আরও কড়া করা হবে এবং যাত্রীদের সচেতন থাকারও পরামর্শ দেওয়া হচ্ছে।
একটি ছোট দূরত্বের যাত্রা যে এ ভাবে আতঙ্কের স্মৃতি হয়ে উঠতে পারে, তা বোধহয় কল্পনাও করেননি সেই তরুণী। তাঁর অভিযোগের জেরেই অবশ্য দ্রুত পদক্ষেপ নিতে পেরেছে পুলিশ।
প্রোটিন শেক নয়, ‘ঘরোয়া খিচুড়ি’ই ভরসা: শরীরচর্চার পরে হৃতিক রোশন যা খান, জানলে চমক লাগবেই