২০২৭ এশিয়া কাপের আয়োজক হতে পারে বাংলাদেশ!
২০২৭ সালের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব বাংলাদেশের হাতে যেতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি, তবে সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের জুন-জুলাইয়ে বাংলাদেশের মাটিতেই বসতে পারে এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেট প্রতিযোগিতার আসর।
ক্রিকেটভিত্তিক একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৭ সালের ১৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত এশিয়া কাপ আয়োজনের প্রাথমিক পরিকল্পনা তৈরি করেছে এসিসি। সম্ভাব্য ভেন্যু হিসেবে রাখা হয়েছে ঢাকা (মীরপুর), চট্টগ্রাম এবং সিলেটকে। এই তিনটি শহরের স্টেডিয়ামের পরিকাঠামো, নিরাপত্তা ও অন্যান্য সুবিধা নিয়ে বিস্তারিত রিপোর্টও চেয়েছে এসিসি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা বিষয়ক কমিটির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম আহমেদ জানিয়েছেন, এসিসির পক্ষ থেকে সম্ভাব্য ভেন্যুগুলির বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। বিসিবি দ্রুত সেই রিপোর্ট জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, বোর্ডের ভাবনায় বগুড়াও ছিল। তবে সেখানে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে আরও সময় লাগবে। তাই আপাতত ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
সব কিছু ঠিকঠাক এগোলে দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর আবার বাংলাদেশে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এর আগে ২০১৬ সালে দেশটি এই প্রতিযোগিতার আয়োজন করেছিল। সে বার টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল টুর্নামেন্ট, আর ২০২৭ সালেও একই ফরম্যাটে খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিসিবি কর্তারা আশাবাদী, নির্বাচিত প্রতিটি ভেন্যুতেই অন্তত একটি করে ম্যাচ আয়োজন করা সম্ভব হবে। তাঁদের বিশ্বাস, বহু বছর পর আবার এশিয়া কাপ আয়োজনের সুযোগ পেলে ক্রিকেটপ্রেমীদের জন্য সফল ও স্মরণীয় একটি টুর্নামেন্ট উপহার দিতে পারবে বাংলাদেশ।
এখনও আয়োজক দেশের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তবে এসিসি ও বিসিবির মধ্যে আলোচনা যেভাবে এগোচ্ছে, তাতে ২০২৭ সালের এশিয়া কাপ বাংলাদেশের মাটিতে আয়োজনের সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?