১৪ বছর বয়সে বুর্জ খলিফায় স্টার্টআপ!!
মাত্র ১৪ বছর বয়স। এই বয়সে অধিকাংশ কিশোর যখন স্কুলের পড়াশোনা আর ভবিষ্যতের স্বপ্ন নিয়েই ব্যস্ত, তখন ভারতীয় বংশোদ্ভূত জৈনম জৈন দুবাইয়ের বুর্জ খলিফায় নিজের স্টার্টআপ সংস্থার অফিস খুলে তাক লাগিয়ে দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর এই সংস্থার মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে মার্কেটিং, কনটেন্ট তৈরি এবং গ্রাহক পরিষেবার মতো কাজে প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়। সংস্থার দাবি, জৈনমই দুবাইয়ের সর্বকনিষ্ঠ এআই স্টার্টআপ প্রতিষ্ঠাতা।
পুণেতে জন্ম হলেও জৈনমের বয়স যখন মাত্র পাঁচ, তখন পরিবার নিয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে চলে যায়। সেখানেই বড় হয়ে ওঠা। খুব ছোট বয়স থেকেই ব্যবসার প্রতি তার আগ্রহ তৈরি হয়। মাত্র ছয় বছর বয়সে বাবার সঙ্গে একটি ব্যবসায়িক বৈঠকে যোগ দিয়েই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে সে।
জৈনমের কথায়, বিশ্বজুড়ে AI জনপ্রিয় হওয়ার বহু আগেই সে এই প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছিল। দীর্ঘদিনের গবেষণা, পণ্য উন্নয়ন এবং ধারাবাহিক পরীক্ষার ফলেই তার প্ল্যাটফর্ম আজ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে কার্যকর সমাধান হিসেবে পরিচিতি পেয়েছে।
নিজের লক্ষ্য পূরণে পড়াশোনার ক্ষেত্রেও অন্য পথ বেছে নেয় জৈনম। মাত্র ১৩ বছর বয়সে ১০৫ দিনের মধ্যে আইজিসিএসই (IGCSE) দশম শ্রেণির পাঠ্যক্রম শেষ করে। তার বিশ্বাস, শুধু শ্রেণিকক্ষের শিক্ষা নয়, বাস্তব অভিজ্ঞতাও একজন উদ্যোক্তার সাফল্যের অন্যতম চাবিকাঠি।
মাত্র ১০ বছর বয়স থেকেই নিজেকে গড়ে তুলতে ৫০ দিনের ব্যক্তিগত চ্যালেঞ্জ শুরু করে জৈনম। এই সময়ের মধ্যে ৫০টি বই পড়া, ৫০টি ব্যবসায়িক অনুষ্ঠানে অংশ নেওয়া এবং ভারত-সহ বিভিন্ন জায়গায় ভ্রমণ করে উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করার অভিজ্ঞতা অর্জন করে সে।
শুধু স্টার্টআপই নয়, এই বয়সেই একটি TEDx বক্তৃতা দিয়েছে জৈনম। তার নামে রয়েছে দু’টি পেটেন্ট। একটি বইও লিখেছে সে। পাশাপাশি তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় দেড় লক্ষ। মাত্র সাত বছর বয়সে বিজ্ঞানভিত্তিক পরীক্ষার ভিডিও প্রকাশ করে সে প্রথমবার সমাজমাধ্যমে পরিচিতি পায়।
আজ বুর্জ খলিফার ১৪১ তলায় অফিস থাকলেও জৈনমের স্বপ্ন আরও বড়। ভবিষ্যতে একটি বিশ্বমানের প্রযুক্তি সংস্থা গড়ে তোলাই তার লক্ষ্য। তার বিশ্বাস, সাফল্যের জন্য বয়স নয়, প্রয়োজন নতুন চিন্তাভাবনা, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং শেখার অদম্য ইচ্ছা। সেই বিশ্বাসকেই বাস্তবে রূপ দিয়ে বিশ্বের তরুণ উদ্যোক্তাদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে ভারতীয় বংশোদ্ভূত এই কিশোর।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?