টাটার বিদায়ের পর আইএসএলে চার্চিল ব্রাদার্সের নতুন ঠিকানা!
জামশেদপুর এফসি-র সঙ্গে পেশাদার ফুটবলের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে টাটা গোষ্ঠী। এ বার সেই ক্লাবের আইএসএল লাইসেন্স প্রতীকী ১০০ টাকায় চার্চিল ব্রাদার্সের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রয়োজন সর্বভারতীয় ফুটবল সংস্থার (এআইএফএফ) অনুমোদন।
জামশেদপুর এফসি আর আইএসএলে খেলবে না—টাটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত কার্যত স্পষ্ট হয়ে গেল। ক্লাবের পেশাদার ফুটবল কার্যক্রম থেকে সরে এসে ফুটবলার তৈরির উপর বেশি গুরুত্ব দেওয়ার কথা আগেই জানিয়েছিল টাটা গোষ্ঠী। সেই সিদ্ধান্ত অনুযায়ী এ বার জামশেদপুরের আইএসএল লাইসেন্স চার্চিল ব্রাদার্সকে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
চুক্তির অঙ্ক শুনলে চমকে যেতে পারেন। মাত্র ১০০ টাকায় প্রতীকী চুক্তি হয়েছে দুই পক্ষের মধ্যে। তবে এটি কার্যকর হতে গেলে এআইএফএফের অনুমোদন প্রয়োজন।
৪.০৮ কোটি টাকার শেয়ারও হস্তান্তর হবে
‘রেভ স্পোর্টস’-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার জামশেদপুর এফসি-র ৪.০৮ কোটি টাকার শেয়ার সংক্রান্ত চুক্তিতে সই করেছে টাটা স্টিলের বোর্ড অফ ডিরেক্টর্স। চার্চিল ব্রাদার্সও ফেডারেশনকে জানিয়েছে, তারা জামশেদপুরের লাইসেন্স নিতে প্রস্তুত।
তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে। শেয়ার হস্তান্তরের সময়সীমা এআইএফএফের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। প্রাথমিক ভাবে অন্তত ১৫ দিন সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে অগস্টের মধ্যেই প্রক্রিয়াটি শেষ হতে পারে।
অন্য ক্লাবের লাইসেন্স নিয়ে খেলার নজির রয়েছে
চার্চিল ব্রাদার্সের জন্য বিষয়টি একেবারে নতুন নয়। আইএসএলে আগেও একটি ক্লাবের লাইসেন্স অন্য ক্লাব ব্যবহার করেছে। এটিকের লাইসেন্স নিয়ে খেলছে মোহনবাগান। আবার হায়দরাবাদ এফসির লাইসেন্স নিয়ে আইএসএলে খেলছে স্পোর্টিং ক্লাব দিল্লি।
তাই জামশেদপুর এফসি-র লাইসেন্স নিয়ে চার্চিল ব্রাদার্সের আইএসএলে নামার ক্ষেত্রে মূল বিষয় হবে ফেডারেশনের অনুমোদন এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা।
টাটার সিদ্ধান্তে বদলে যাচ্ছে আইএসএলের ছবি
জামশেদপুর এফসি-কে আইএসএল থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য টাটা গোষ্ঠীকে অনুরোধ করেছিল এআইএফএফ। ১২ অগস্ট পর্যন্ত সিদ্ধান্ত বদলের সুযোগও দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়সীমার মধ্যে টাটা কর্তৃপক্ষ ফেডারেশনকে নতুন কোনও সিদ্ধান্ত জানায়নি।
তার ঠিক দু’দিন পরেই চার্চিল ব্রাদার্সের সঙ্গে প্রতীকী চুক্তি হওয়ায় টাটার অবস্থান আরও পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ, জামশেদপুরের জায়গায় নতুন মালিকানায় চার্চিল ব্রাদার্সকে আইএসএলে দেখা যাওয়ার সম্ভাবনাই এখন বেশি।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।