রোহিত সরাফের নাম উড়িয়ে দিলেন পরিচালক সাজিদ আলি!
প্রেমের কালজয়ী গল্পকে নতুন প্রজন্মের কাছে ভিন্ন আঙ্গিকে তুলে ধরতে ফের বড়পর্দায় ফিরছেন পরিচালক সাজিদ আলি। ‘লায়লা মজনু’-র পর তাঁর নতুন ছবি ‘হীর-রাঞ্ঝা’ ঘোষণার পর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে কৌতূহল বাড়ছে। বিশেষ করে ছবির মুখ্য চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি অভিনেতা রোহিত সরাফের নাম সামনে এলেও সেই খবরকে ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছেন পরিচালক নিজেই।
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে সাজিদ আলি স্পষ্ট করে বলেন, ছবির কাস্টিং প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। রোহিত সরাফকে নায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তার কোনও সত্যতা নেই। তাঁর কথায়, এটি পুরনো একটি গুঞ্জন, যা নতুন করে ছড়িয়ে পড়েছে। এমনকি এই খবরের উৎস সম্পর্কেও তিনি অবগত নন।
শুধু নায়ক নয়, ছবির নায়িকার নামও এখনও নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন পরিচালক। আগে শোনা গিয়েছিল, নতুন মুখ খুঁজে বের করতে অডিশনের আয়োজন করা হবে। তবে সেই পরিকল্পনাও এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। ফলে প্রধান দুই চরিত্র নিয়েই এখনই কোনও নিশ্চিত ঘোষণা করতে চাইছেন না নির্মাতারা।
পরিচালকের আশা, সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে খুব শিগগিরই কাস্টিংয়ের কাজ শেষ হবে। আগামী অক্টোবরের মাঝামাঝি সময় থেকে ছবির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রথম দফার শুটিং হওয়ার সম্ভাবনা উত্তরাখণ্ডের দেহরাদূনে। তার আগে প্রি-প্রোডাকশন, লোকেশন চূড়ান্ত করা এবং অন্যান্য প্রস্তুতির কাজ সম্পন্ন করা হবে।
প্রযোজকদের দাবি, ‘লায়লা মজনু’-র মতোই এই ছবিতেও প্রেম, আবেগ এবং সম্পর্কের গভীরতাকে নতুনভাবে তুলে ধরা হবে। বহু শতাব্দী ধরে জনপ্রিয় ‘হীর-রাঞ্ঝা’র গল্পকে আধুনিক নির্মাণশৈলীতে দর্শকদের সামনে হাজির করার পরিকল্পনা নিয়েছেন তাঁরা। ছবির ঘোষণা হওয়ার পর থেকেই অনুরাগীদের আগ্রহ বাড়ছে, আর কাস্টিং সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমীরা।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?