সলমনের ‘মাতৃভূমি’ নিয়ে ফের অনিশ্চয়তা!
বলিউড সুপারস্টার সলমন খানের বহু প্রতীক্ষিত যুদ্ধভিত্তিক ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর মুক্তি ঘিরে আবারও তৈরি হয়েছে অনিশ্চয়তা। একের পর এক জট কাটলেও ছবির সেন্সর ও ছাড়পত্র সংক্রান্ত প্রক্রিয়া এখনও পুরোপুরি শেষ হয়নি বলে বলিপাড়ার একাধিক সূত্রের দাবি। সেই কারণেই প্রশ্ন উঠছে— ছবিটি কি আদৌ ২০২৬ সালের মধ্যেই প্রেক্ষাগৃহে আসতে পারবে, নাকি মুক্তি পিছিয়ে গড়াবে ২০২৭ সালে?
এই ছবির প্রাথমিক নাম ছিল ‘ব্যাটল অফ গালওয়ান’। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত-চিন সীমান্ত সংঘর্ষকে কেন্দ্র করে নির্মিত হওয়ায় ছবিটি শুরু থেকেই আলোচনায় ছিল। পরে ছবির নাম বদলে রাখা হয় ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। তবে নাম পরিবর্তনের পরেও ছবির বিষয়বস্তু নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পর্যালোচনা চলছে বলেই জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে নির্মাতা বা সরকারি মহল থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
প্রথমে ছবির মুক্তির দিন ধার্য হয়েছিল চলতি বছরের ১৭ এপ্রিল। পরে সেই পরিকল্পনা বদলে যায়। নির্মাতাদের আশা ছিল, বছরের শেষ দিকে ছবিটি দর্শকদের সামনে আনা যাবে। কিন্তু ইতিমধ্যেই উৎসবের মরসুমে একাধিক বড় বাজেটের হিন্দি ছবির মুক্তির দিন চূড়ান্ত হয়ে যাওয়ায় নতুন করে উপযুক্ত স্লট খুঁজে পাওয়া কঠিন হয়ে উঠেছে।
ইন্ডাস্ট্রির সূত্রের দাবি, দশেরা উপলক্ষে অক্টোবরের তৃতীয় সপ্তাহে মুক্তির সম্ভাবনা খতিয়ে দেখা হয়েছিল। কিন্তু সেই সময়ও একাধিক বড় ছবির সঙ্গে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। অক্টোবরের শেষ সপ্তাহেও অন্য একটি বড় বাজেটের ছবির মুক্তির সম্ভাবনা থাকায় নভেম্বরের আগে উল্লেখযোগ্য ফাঁকা সময় পাওয়া কঠিন বলেই মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকেরা। ফলে মুক্তি আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিতে সলমন খানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিংহ। বাস্তব ঘটনার প্রেক্ষাপটে নির্মিত এই যুদ্ধনির্ভর ছবিকে ঘিরে দর্শকদের আগ্রহ শুরু থেকেই তুঙ্গে। তবে যত সময় গড়াচ্ছে, ততই বাড়ছে অপেক্ষা এবং জল্পনা।
এখন সবার নজর নির্মাতাদের পরবর্তী ঘোষণার দিকে। শেষ পর্যন্ত ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ কি চলতি বছরেই বড় পর্দায় মুক্তি পাবে, নাকি দর্শকদের আরও এক বছর অপেক্ষা করতে হবে— সেটাই এখন বলিউডের অন্যতম আলোচিত প্রশ্ন।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?