মৈথিলী ঠাকুরের মন্তব্যের পাল্টা নিজের তিক্ত অভিজ্ঞতা জানালেন নীরজ পাণ্ডে!
বিহারের জমুইয়ে দুই স্কুলপড়ুয়ার সঙ্গে হেনস্থার অভিযোগ ঘিরে যখন বিতর্ক তুঙ্গে, তখন রাজ্যের নিরাপত্তা নিয়ে মৈথিলী ঠাকুরের মন্তব্যের পাল্টা জবাব দিলেন লেখক-গীতিকার নীরজ পাণ্ডে। সমাজমাধ্যমে নিজের ছোটবেলার অভিজ্ঞতার কথা তুলে ধরে তাঁর বক্তব্য, বিহার সবার কাছে একই রকম নিরাপদ নয়।
সম্প্রতি মৈথিলী বলেছিলেন, তিনি বিহারের মেয়ে এবং নিজের রাজ্যে নিরাপদ বোধ করেন। সেই মন্তব্যের প্রসঙ্গ টেনে নীরজ লেখেন, ‘‘ভাল কথা। কিন্তু সবার জন্য বিহার এক নয়।’’
এর পরেই নিজের অভিজ্ঞতার কথা জানান তিনি। নীরজের দাবি, বিহারে বেড়ে ওঠার সময় তিনি নিজেকে সবসময় নিরাপদ মনে করতেন না। এমনকি পুরুষ হওয়া এবং বিভিন্ন সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও তাঁর ব্যক্তিগত পরিসর একাধিক বার লঙ্ঘিত হয়েছিল বলে জানান তিনি।
নীরজের বক্তব্য, কোনও একজন মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে গোটা রাজ্যের পরিস্থিতি বিচার করা যায় না। একই জায়গায় বসবাস করেও মানুষের অভিজ্ঞতা আলাদা হতে পারে। তাই নিরাপত্তা বা আইনশৃঙ্খলার বাস্তব ছবি বুঝতে হলে যাঁরা সমস্যার মুখোমুখি হয়েছেন, তাঁদের অভিজ্ঞতাও শোনা জরুরি।
জমুইয়ের ঘটনায় আক্রান্ত কিশোরীর প্রসঙ্গও নিজের পোস্টে টেনে আনেন নীরজ। তাঁর বক্তব্য, এ ধরনের অভিজ্ঞতাকে বিচ্ছিন্ন ঘটনা বলে দেখলে সমস্যার গভীরতা বোঝা যাবে না। ‘‘যে কোনও মেয়েকে জিজ্ঞাসা করুন’’— এমন মন্তব্যও করেন তিনি।
বিহারের বক্সারের বাসিন্দা নীরজ আরও লেখেন, নিজের রাজ্য মানেই সবার কাছে শুধুই সুখের স্মৃতি— এমনটা নয়। তাঁর নিজের জীবনেও এমন কিছু অভিজ্ঞতা রয়েছে, যা এখনও তাঁকে প্রভাবিত করে। সেই ঘটনাগুলি কোনও একদিন বিস্তারিত ভাবে লিখে বই প্রকাশ করার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
জমুইয়ের ঘটনাটি সামনে আসে ১৯ সেপ্টেম্বর। অভিযোগ, স্থানীয় একটি পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে দশম শ্রেণির দুই পড়ুয়াকে এক দল যুবক আটক করে। কিশোরীকে যৌন হেনস্থা এবং কিশোরকে মারধরের অভিযোগ ওঠে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অভিযুক্তদের সন্ধানে বিশেষ তদন্তকারী দলও গঠন করে বিহার পুলিশ।
এই ঘটনাকে ঘিরেই বিহারে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সেই আবহেই মৈথিলীর মন্তব্যের সঙ্গে নিজের অভিজ্ঞতার তুলনা টেনে নীরজের বক্তব্য, একটি জায়গা কারও কাছে নিরাপদ মনে হলেও অন্য কারও অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন হতে পারে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।