‘রাম গাছে উঠে তির ছুড়ছেন, যুদ্ধবাজ নায়ক নাকি?’ রণবীরের ‘রামায়ণ’ নিয়ে ফের আপত্তি মুকেশের

রণবীরের ‘রামায়ণ’ নিয়ে ফের আপত্তি মুকেশের! নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ নিয়ে ফের মুখ খুললেন মুকেশ খন্না। এ বার ছবির যুদ্ধের দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছেন প্রবীণ অভিনেতা। তাঁর বক্তব্য, রামকে ‘মর্যাদা পুরুষোত্তম’…

October 2, 2026
1 min read

রণবীরের ‘রামায়ণ’ নিয়ে ফের আপত্তি মুকেশের!

নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ নিয়ে ফের মুখ খুললেন মুকেশ খন্না। এ বার ছবির যুদ্ধের দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছেন প্রবীণ অভিনেতা। তাঁর বক্তব্য, রামকে ‘মর্যাদা পুরুষোত্তম’ হিসেবে তুলে ধরার বদলে ছবিতে অনেকটাই অ্যাকশন হিরোর আদলে দেখানো হয়েছে।

এক সাক্ষাৎকারে ছবির ঝলক নিয়ে কথা বলছিলেন মুকেশ। সেখানেই বিশেষ করে একটি দৃশ্যের উল্লেখ করেন তিনি। সেই দৃশ্যে রণবীর কপূর অভিনীত রামকে গাছে উঠে তির ছুড়তে দেখা যায়। মুকেশের দাবি, রামায়ণ পড়ে এবং বছরের পর বছর রামলীলা দেখে রামের যে ছবি তাঁর মনে তৈরি হয়েছে, এই দৃশ্য তার সঙ্গে একেবারেই মেলে না।

মুকেশ বলেন, “শ্রীরাম ধনুর্ধর ছিলেন ঠিকই। তিনি ভগবানের অবতার। কিন্তু যে ভাবে যুদ্ধের দৃশ্য দেখানো হয়েছে, শ্রীরাম গাছের উপরে উঠে তির ছুড়ছেন, এমনটা তো কখনও দেখিনি। এত রামায়ণ পড়েছি, রামলীলা দেখেছি। শ্রীরামকে সলমন খান, অমিতাভ বচ্চন, রজনীকান্ত বানিয়ে দেওয়া হয়েছে।”

শুধু গাছে উঠে তির ছোড়ার দৃশ্যই নয়, রামকে অতিরিক্ত ‘যুদ্ধবাজ’ নায়ক হিসেবে দেখানোর সম্ভাবনাতেও আপত্তি রয়েছে মুকেশের। তাঁর মতে, রামের চরিত্রের সঙ্গে ‘মর্যাদা পুরুষোত্তম’-এর পরিচয়টি গুরুত্বপূর্ণ। তাই তাঁকে শুধুমাত্র শক্তিশালী যোদ্ধার চেহারায় তুলে ধরা হলে তা তাঁর কাছে গ্রহণযোগ্য নয়।

মুকেশের কথায়, “শ্রীরামকে যদি মর্যাদা পুরুষোত্তমের বদলে শুধু যোদ্ধা হিসাবে দেখানো হয়, তাঁকে আর্নল্ড শোয়ার্জনেগারের মতো করে তোলা হয়, তা হলে আপত্তি আছে। যদি এ ভাবেই যুদ্ধ করতেন, তা হলে বানরসেনার সাহায্যই বা কেন প্রয়োজন হত?”

‘রামায়ণ’ নিয়ে এর আগেও একাধিক বার নিজের আপত্তির কথা জানিয়েছেন মুকেশ। বিশেষ করে রণবীর কপূরের ‘অ্যানিম্যাল’ ছবির প্রভাব ‘রামায়ণ’-এর চরিত্রে পড়তে পারে বলে দাবি করেছিলেন তিনি। তাঁর মতে, ‘অ্যানিম্যাল’-এর চরিত্র এবং রামের চরিত্রের মধ্যে কোনও মিল নেই। সেই কারণেও ছবিটি নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রবীণ অভিনেতা।

রণবীরের ‘রামায়ণ’ মুক্তির আগেই তাই ছবির উপস্থাপনা নিয়ে বিতর্ক থামছে না। মুকেশের সাম্প্রতিক মন্তব্য সেই বিতর্ককেই ফের সামনে নিয়ে এল।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *