বৈভবের তাণ্ডবে ভাঙল ২০ বছরের রেকর্ড!!
মাত্র ১৫ বছর বয়সেই ব্যাট হাতে একের পর এক চমক দেখিয়ে চলেছেন বৈভব সূর্যবংশী। ত্রিদেশীয় সিরিজ়ের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করে নতুন নজির গড়লেন বিহারের এই তরুণ ব্যাটার। শতরান অল্পের জন্য হাতছাড়া হলেও তাঁর ২৯ বলে ৯৪ রানের ইনিংস ক্রিকেটবিশ্বের নজর কেড়েছে।
বৈভবের ঝোড়ো ব্যাটিংয়ে ভেঙে গেল প্রায় দুই দশকের পুরনো রেকর্ড। লিস্ট এ ক্রিকেটে (৫০ ওভারের ম্যাচ) দ্রুততম অর্ধশতরানের নতুন নজির এখন তাঁর দখলে। মাত্র ১১ বলে ৫০ রান পূর্ণ করেন বৈভব।
এর আগে এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার কৌশল্য বীরারত্নের। ২০০৫-০৬ মরসুমে রাগামা ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নেমে ১২ বলে অর্ধশতরান করেছিলেন তিনি। সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করলেন বৈভব।
বৈভবের ১১ বলে ৫০ রানের ইনিংসটি ছিল রীতিমতো বিস্ফোরক। তাঁর খেলা ১১টি বলের ফল ছিল— ৪, ৪, ৪, ৬, ৬, ০, ৬, ৪, ৪, ৬, ৬। অর্থাৎ মাত্র ১০টি বলেই পাঁচটি চার ও পাঁচটি ছক্কা হাঁকান তিনি।
শ্রীলঙ্কার বাঁ হাতি স্পিনার দুলাজ সমুদিতাকে ছক্কা মেরে নিজের রেকর্ড গড়েন এই তরুণ ওপেনার।
শেষ পর্যন্ত ২৯ বলে ৯৪ রান করে আউট হন বৈভব। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ৮টি ছক্কা। মাত্র ৮.৫ ওভারেই প্রথম উইকেটের জুটিতে প্রিয়াংশ আর্যের সঙ্গে ১৩২ রান যোগ করেন তিনি।
কয়েক দিন আগে বিতর্কের মধ্যে পড়লেও এ দিন ব্যাট হাতে নিজের যোগ্যতার জবাব দিয়েছেন বৈভব। বয়স মাত্র ১৫ হলেও তাঁর আগ্রাসী ব্যাটিং, শট বাছাই এবং চাপের মধ্যে খেলার ক্ষমতা ইতিমধ্যেই তাঁকে ভারতীয় ক্রিকেটের অন্যতম আলোচিত তরুণ প্রতিভায় পরিণত করেছে।
শতরান না পেলেও বৈভবের এই ইনিংস লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে দীর্ঘ দিন মনে রাখার মতো হয়ে থাকবে। তাঁর বিধ্বংসী ব্যাটিং প্রমাণ করে দিল, ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটে বড় নাম হয়ে ওঠার সমস্ত রসদ রয়েছে এই কিশোরের মধ্যে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?