বেঙ্গালুরুর কাছে হারের ধাক্কা!
আইপিএলের গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে থাকা গুজরাত টাইটান্স প্রথম কোয়ালিফায়ারে এসে যেন নিজেদের ছায়া হয়ে গেল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিং ও ফিল্ডিং— দুই বিভাগেই ব্যর্থ শুভমন গিলের দল। সেই হতাশার ম্যাচ দ্রুত ভুলে গিয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে চান গুজরাত অধিনায়ক।
মঙ্গলবারের হারের পর শুভমন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ নিয়ে বেশি ভাবতে চান না তিনি। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে নতুন মানসিকতা নিয়ে মাঠে নামাই এখন তাঁর একমাত্র লক্ষ্য।
ম্যাচ শেষে শুভমন বলেন,
“পিচের আচরণ নিয়ে আমরা অবাক হইনি। ১২-১৩ ওভার পর্যন্ত ম্যাচে আমরা ছিলাম। কিন্তু ফিল্ডিং খুব খারাপ হয়েছে। কয়েকটা গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলেছি। এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে। এখন যত দ্রুত সম্ভব এটা ভুলে গিয়ে মোহালিতে নতুন করে শুরু করতে চাই।”
পুরো মরসুমে ধারাবাহিক ক্রিকেট খেলেছে গুজরাত। তাই প্রথম কোয়ালিফায়ারে এমন একপেশে হার অনেককেই অবাক করেছে। বিশেষ করে ফিল্ডিংয়ে একাধিক ভুল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যাচ হাতছাড়া হওয়ায় বেঙ্গালুরুর ব্যাটাররা বড় রান তুলে নেয়।
তবে এখনও প্রতিযোগিতা থেকে ছিটকে যায়নি গুজরাত। বুধবারের এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসের মধ্যে যে দল জিতবে, শুক্রবার তাদের বিরুদ্ধেই দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে শুভমনদের দল। সেই ম্যাচ জিতলেই ফাইনালের টিকিট নিশ্চিত হবে।
ফিল্ডিংয়ের ব্যর্থতা নিয়ে দলের ভিতরে আলোচনা হবে বলেও জানিয়েছেন শুভমন। যদিও আলাদা করে কাউকে দায়ী করতে চাননি তিনি। গুজরাত অধিনায়ক বলেন,
“অনুশীলনে আমরা অবশ্যই ফিল্ডিং নিয়ে আরও বেশি কাজ করব। দলের বৈঠকেও এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। আসলে দিনটা আমাদের ছিল না। জেতার ইচ্ছা ছিল, কিন্তু চাপের মুহূর্তে আমরা নিজেদের কাজটা ঠিকভাবে করতে পারিনি।”
একটা খারাপ ম্যাচ পুরো মরসুমের পরিশ্রম মুছে দিতে পারে না— এমনটাই বিশ্বাস গুজরাত শিবিরের। তাই বেঙ্গালুরুর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্স পিছনে ফেলে আবারও ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামতে চাইছেন শুভমন গিল ও তাঁর দল।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা