বিশ্বকাপের আগে আমেরিকা ছাড়ল ইরান!
বিশ্বকাপের প্রস্তুতির জন্য প্রথমে আমেরিকার অ্যারিজ়োনায় শিবির করার পরিকল্পনা করেছিল ইরান। কিন্তু শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত বদলাতে বাধ্য হল তারা। নিরাপত্তা উদ্বেগ এবং ভিসা জটিলতার কারণে আমেরিকার বদলে এবার মেক্সিকোর তিজুয়ানায় নিজেদের প্রস্তুতি শিবির করছে ইরানের জাতীয় ফুটবল দল। এই পরিবর্তনের অনুমতিও দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা।
বিশ্বকাপের আগে প্রায় সব দলই আয়োজনকারী দেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে এবং নিজেদের কৌশল ঝালিয়ে নিতে বিশেষ প্রস্তুতি শিবির করে। সেই লক্ষ্যেই ইরানের পরিকল্পনা ছিল আমেরিকায় ক্যাম্প করার। কিন্তু পশ্চিম এশিয়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আমেরিকার সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ায়।
ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন, ভিসা পাওয়া নিয়ে সমস্যা তৈরি হচ্ছিল। সেই কারণেই ফিফার কাছে প্রস্তুতি শিবির সরানোর আবেদন করা হয়। পরে ফিফা সেই আবেদন মঞ্জুর করে। এখন প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী তিজুয়ানাতেই চূড়ান্ত প্রস্তুতি নেবে ইরান।
তিজুয়ানা প্রশাসনিক ভাবে মেক্সিকোর অংশ হলেও আমেরিকার সীমান্তের খুব কাছেই অবস্থিত। ফলে যাতায়াত এবং ম্যাচের আগে প্রস্তুতির দিক থেকে খুব বেশি অসুবিধা হবে না বলেই মনে করছে ইরান ফুটবল ফেডারেশন। পাশাপাশি, নিজেদের জাতীয় বিমান সংস্থা ব্যবহার করেও সহজে যাতায়াত করতে পারবে দল।
বর্তমানে ইরানের জাতীয় দল তুরস্কে অনুশীলন করছে। সেখান থেকেই ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের জন্য আমেরিকার ভিসার আবেদন করা হয়েছে। যদিও বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানকে সব ম্যাচ খেলতে হবে আমেরিকার মাটিতেই।
এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনাও। গত ফেব্রুয়ারিতে আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ সামরিক অভিযানের পর ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেখায়। বর্তমানে সংঘর্ষবিরতি থাকলেও দুই দেশের সম্পর্ক এখনও অত্যন্ত তিক্ত। সেই পরিস্থিতিতে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়েও একসময় অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে ফিফার মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
আগামী ১১ জুন শুরু হতে চলেছে বিশ্বকাপ। গ্রুপ পর্বে ইরানের প্রতিপক্ষ নিউ জ়িল্যান্ড, বেলজিয়াম এবং মিশর। রাজনৈতিক উত্তাপের মাঝেও মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে মরিয়া ইরানের ফুটবলাররা।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা