বিদেশিদের ছাড়পত্র নেই, ভিসা আটকে, ডুরান্ডের আগে বিপাকে ফুটবল ক্লাবগুলি

ভিসা আটকে, ডুরান্ডের আগে বিপাকে ফুটবল ক্লাবগুলি! নতুন ফুটবল মরশুম শুরুর আগেই বড় সমস্যার মুখে পড়েছে দেশের একাধিক ক্লাব। বিদেশি ফুটবলারদের ভারতে খেলার প্রয়োজনীয় ছাড়পত্র এখনও হাতে পায়নি তারা। ফলে…

July 1, 2026
0 min read

ভিসা আটকে, ডুরান্ডের আগে বিপাকে ফুটবল ক্লাবগুলি!

নতুন ফুটবল মরশুম শুরুর আগেই বড় সমস্যার মুখে পড়েছে দেশের একাধিক ক্লাব। বিদেশি ফুটবলারদের ভারতে খেলার প্রয়োজনীয় ছাড়পত্র এখনও হাতে পায়নি তারা। ফলে ভিসা প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, অনুশীলন ছাড়াই ডুরান্ড কাপের মতো বড় প্রতিযোগিতায় নামতে হতে পারে বলে আশঙ্কা করছে ক্লাবগুলি।

আগামী ২৫ জুলাই থেকে শুরু হওয়ার কথা ডুরান্ড কাপের। তার অন্তত ১০ দিন আগে অনুশীলন শুরু করার পরিকল্পনা ছিল অধিকাংশ দলের। কিন্তু বিদেশিদের ছাড়পত্র না আসায় সেই পরিকল্পনা কার্যত থমকে গিয়েছে।

নিয়ম অনুযায়ী, বিদেশি ফুটবলারদের ভারতে খেলার অনুমতি পাওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ছাড়পত্র সংগ্রহ করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। পরে সেই নথি ক্লাবগুলির মাধ্যমে সংশ্লিষ্ট ফুটবলারদের কাছে পাঠানো হয়। নিজের দেশের দূতাবাসে ওই ছাড়পত্র জমা দেওয়ার পরেই ভিসা পাওয়া সম্ভব হয়।

কিন্তু ফেডারেশনের তরফে এখনও সেই নথি ক্লাবগুলির কাছে পৌঁছয়নি বলে অভিযোগ। ক্লাবগুলির দাবি, বিশ্বকাপ দেখতে ফেডারেশনের একাধিক কর্তা বিদেশে থাকায় এই প্রক্রিয়া আটকে রয়েছে।

ক্লাব কর্তাদের বক্তব্য, ভিসা পেতে সাধারণত অন্তত ১০ দিন সময় লাগে। এখন ছাড়পত্র পেতে দেরি হলে বিদেশি ফুটবলারদের ভারতে পৌঁছতে পৌঁছতে মরশুম শুরু হয়ে যেতে পারে। ফলে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই দল নামানোর পরিস্থিতি তৈরি হচ্ছে।

একটি ক্লাবের কর্তার কথায়, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে ডুরান্ড কাপেই হয়তো পূর্ণ অনুশীলন ছাড়া খেলতে নামতে হবে দলগুলিকে।

এ নিয়ে ফেডারেশনকে একাধিক বার জানানো হলেও এখনও কোনও সমাধান হয়নি বলে অভিযোগ ক্লাবগুলির। তাদের আশঙ্কা, ১৯ জুলাই বিশ্বকাপ শেষ হওয়ার পরে কর্তারা দেশে ফিরে কাজ শুরু করলে আরও দেরি হয়ে যাবে।

সমস্যা শুধু বিদেশিদের ভিসা নিয়েই নয়। আইএসএল এবং ডুরান্ড কাপে কত জন বিদেশি ফুটবলার খেলানো যাবে, সেই নিয়মও এখনও স্পষ্ট করেনি ফেডারেশন। ফলে বিদেশি ফুটবলারদের সঙ্গে চুক্তি করতেও সমস্যায় পড়ছে ক্লাবগুলি।

মোহনবাগান সুপার জায়ান্ট ইতিমধ্যেই ম্যাকক্লারেন, অ্যালবার্তো এবং জেলকোভিচের সঙ্গে চুক্তি করতে পেরেছে। অন্য দিকে ইস্টবেঙ্গল এফসি এখনও পর্যন্ত মাত্র এক জন বিদেশি ফুটবলারকে দলে নিয়েছে।

বিদেশি খেলোয়াড়ের সংখ্যা নিয়ে নিয়ম পরিষ্কার না হলে দল গঠনের পরিকল্পনাতেও বড় প্রভাব পড়বে বলে মনে করছে ক্লাবগুলি। মরশুম শুরুর আগেই তাই প্রশাসনিক জটিলতা নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতীয় ফুটবলে।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *