বাংলাদেশে মধুমিতাকে ঘিরে উন্মাদনা!
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক করতে চলেছেন। নতুন ছবির ঘোষণাকে ঘিরে ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েই অনুরাগীদের ভালোবাসার জোয়ারে ভেসে গেলেন তিনি। তবে সেই উচ্ছ্বাস একসময় এতটাই বেড়ে যায় যে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসতে হয় তাঁর স্বামী দেবমাল্য চক্রবর্তীকে।
ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হতে চলা ‘গুলশনের চামেলি’ ছবির ঘোষণার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মধুমিতা। একই মঞ্চে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনও। বিশেষ অনুষ্ঠানে লাল শাড়িতে হাজির হয়ে নজর কেড়েছিলেন মধুমিতা। নতুন কাজ নিয়ে নিজের উচ্ছ্বাসও ভাগ করে নেন তিনি।
অনুষ্ঠান শেষে একটি ভিডিও সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, প্রিয় অভিনেত্রীকে সামনে পেয়ে বহু অনুরাগী তাঁকে ঘিরে ধরেছেন। কেউ ছবি তুলতে চাইছেন, কেউ আবার নিজস্বী নেওয়ার জন্য একেবারে কাছে চলে আসছেন। মুহূর্তের মধ্যে ভিড় এতটাই বেড়ে যায় যে মধুমিতাকে বেশ অস্বস্তিতে পড়তে দেখা যায়।
পরিস্থিতি বুঝে দ্রুত এগিয়ে আসেন তাঁর স্বামী দেবমাল্য চক্রবর্তী। তিনি ভিড় সামলে মধুমিতাকে নিরাপদে বের করে আনার চেষ্টা করেন। পুরো সময় জুড়েই স্ত্রীকে আগলে রাখেন তিনি। সেই মুহূর্তের ভিডিওই এখন সমাজমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। অনেকেই দেবমাল্যের উপস্থিত বুদ্ধি এবং দায়িত্বশীল আচরণের প্রশংসা করেছেন।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে অভিনেত্রীর প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলেও তাঁর তরফে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে অনুরাগীদের উচ্ছ্বাস যে মধুমিতার জনপ্রিয়তারই প্রমাণ, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
উল্লেখ্য, ‘গুলশনের চামেলি’ ছবির মাধ্যমে প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে চলেছেন মধুমিতা। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি হতে চলা এই ছবির শুটিং শুরু হওয়ার কথা ডিসেম্বরে। কলকাতা এবং বাংলাদেশের বিভিন্ন লোকেশনে ছবির দৃশ্যধারণ হবে বলে জানা গেলেও, নির্দিষ্ট শুটিং স্পট এখনও চূড়ান্ত হয়নি।
নতুন এই আন্তর্জাতিক প্রকল্প নিয়ে ইতিমধ্যেই দুই বাংলার দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। আর ছবির ঘোষণার অনুষ্ঠানেই যে উষ্ণ অভ্যর্থনা পেলেন মধুমিতা, তা স্পষ্ট করে দিল— সীমান্তের দুই পারেই তাঁর জনপ্রিয়তা সমানভাবে অটুট।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।