ব্লিউপিএলের মঞ্চে স্মৃতি–হরমনের নতুন লড়াই!
মাত্র দু’মাস আগেও তাঁরা নীল জার্সিতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন। বিশ্বকাপ জয়ের পরে একে অপরকে জড়িয়ে ধরে আবেগে ভেসেছেন। কিন্তু শুক্রবার থেকে ছবিটা বদলে যাচ্ছে। মহিলাদের প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল)-এর মঞ্চে হরমনপ্রীত কৌর আর স্মৃতি মন্ধানা আর সতীর্থ নন— তাঁরা প্রতিপক্ষ। লক্ষ্য একটাই, তবে আলাদা আলাদা রঙের জার্সিতে— ট্রফি জেতা।
ডব্লিউপিএলের চতুর্থ মরসুম শুরু হচ্ছে শুক্রবার। কিন্তু এই মরসুমের আবহ আগের থেকে আলাদা। কারণ, এ বার লিগে খেলছেন ভারতের ১৫ জন বিশ্বকাপজয়ী ক্রিকেটার। এত দিন জনপ্রিয়তা, জাঁকজমক, দর্শক— সবই ছিল। শুধু বিশ্বজয়ের সিলটা ছিল না। গত বছর সেই খরা মিটেছে। তাই এ বার ডব্লিউপিএল শুধু বিনোদন নয়, আত্মবিশ্বাস আর মানসিকতার লড়াইও।
এক সময় এই লিগের স্লোগান ছিল— মহিলা ক্রিকেটারদের নতুন পরিচয় দেওয়া। তিন বছরে সেই পরিচয় আজ ঘরে ঘরে। স্মৃতি, হরমন, রিচা ঘোষদের বিশ্বকাপ জয়ে রাত জেগে উল্লাস হয়েছে। ডব্লিউপিএলের ম্যাচ দেখতে এখন আর ফ্রি টিকিট লাগে না— তবু স্টেডিয়াম ভরে যাচ্ছে। নবি মুম্বই আর বডোদরায় এ বার ম্যাচ হলেও, জনপ্রিয়তার নিরিখে ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ না হওয়া নিয়ে প্রশ্ন উঠছেই।
এই লিগের আর এক বড় শক্তি— নতুন প্রতিভা। এক বছর আগেও যাঁদের নাম শোনা যায়নি, তাঁরাই এখন বিশ্বকাপজয়ী। ডব্লিউপিএল কার্যত প্রতিভার আতুড়ঘর হয়ে উঠেছে। এ বারও গুজরাত, মুম্বই বা ইউপির তরুণ মুখগুলোর দিকে নজর থাকবে। মাঝপথে নতুন কেউ চমক দিলে অবাক হওয়ার কিছু নেই।
দলগত শক্তির বিচারে কাগজে-কলমে এগিয়ে মুম্বই ইন্ডিয়ান্স। হরমনপ্রীতের নেতৃত্বে অভিজ্ঞ বিদেশি ও ভারতীয় ক্রিকেটারের মিশেল দলটি বেশ ভারসাম্যপূর্ণ। দিল্লি ক্যাপিটালস-এ অধিনায়ক জেমাইমা রদ্রিগেজ়, তরুণ ও আক্রমণাত্মক ক্রিকেটারদের নিয়ে চমক দিতে পারে তারা। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু স্মৃতির নেতৃত্বে আবার শিরোপা ধরে রাখতে চাইবে, যদিও এলিস পেরির অনুপস্থিতি তাদের জন্য চ্যালেঞ্জ। গুজরাত জায়ান্টস ও ইউপি ওয়ারিয়র্জ়— দুই দলই অঘটনের ক্ষমতা রাখে।
ডব্লিউপিএল শুধু ট্রফির লড়াই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের দরজাও খুলে দিতে পারে। স্মৃতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই লিগেই ভবিষ্যতের বিশ্বজয়ের বীজ বোনা হবে। হরমনপ্রীতও একমত— একটায় থেমে থাকতে চান না তাঁরা। তাই শুক্রবার থেকে শুরু হওয়া এই লড়াইয়ে আবেগ আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে, আর আছে আগামী দিনের ভারতীয় মহিলা ক্রিকেটের রূপরেখা।
ভিন্রাজ্যের ভোটারদের স্বস্তি: শুনানিতে হাজিরা নয়, অনলাইনেই জমা দেওয়া যাবে নথি