পুলিশের উর্দিতেই ‘ইন্ডিয়াজ় গট লেটেন্ট’-এর মঞ্চে!
‘ইন্ডিয়াজ় গট লেটেন্ট সিজ়ন ২’-এর দ্বিতীয় পর্ব প্রকাশের পর ফের আলোচনায় সময় রায়নার অনুষ্ঠান। তবে এ বার কোনও বিতর্ক নয়, দর্শকদের নজর কেড়েছেন এক বিশেষ প্রতিযোগী। উত্তরপ্রদেশ পুলিশের কনস্টেবল কপিল দিনকর পুলিশের উর্দি পরেই মঞ্চে উঠে নিজের প্রতিভায় মুগ্ধ করেছেন বিচারক ও দর্শকদের। শেষ পর্যন্ত জিতে নিয়েছেন ১ লক্ষ টাকার নগদ পুরস্কার।
মঞ্চে ওঠার পরই কপিলের প্রথম মন্তব্যে খানিক চমকে যান সময় রায়না। মজার ছলে কপিল বলেন, “আবার শুরু করলেন? আগের বার বন্ধ করিয়েও শান্তি হল না?” কথাটি শুনে সময় প্রথমে মনে করেছিলেন, কেউ হয়তো পুলিশের পোশাক পরে অভিনয় করতে এসেছেন। তিনি সতর্ক করে বলেন, “এ ভাবে পুলিশের উর্দি পরে মঞ্চে ওঠা যায় না।”
তখনই কপিল নিজের পরিচয় দিয়ে জানান, তিনি সত্যিই উত্তরপ্রদেশ পুলিশের কর্মরত কনস্টেবল। ২০২১ সালে পুলিশে যোগ দিয়েছেন। তবে চাকরির পাশাপাশি তাঁর আসল ভালোবাসা সঙ্গীত।
কপিল জানান, তিনি শুধু গায়কই নন, গীতিকার ও সুরকারও। তাঁর কথায়, “সঙ্গীতই আমার মন ভালো রাখার ওষুধ। সংসার চালানোর জন্য পুলিশে চাকরি করি।” তিনি আরও বলেন, পুলিশে যোগ দেওয়া ছিল তাঁর মায়ের স্বপ্ন, তাই সেই ইচ্ছাকেই সম্মান জানিয়ে এই পেশা বেছে নিয়েছেন।
আরও একটি চমকপ্রদ তথ্যও জানান কপিল। তাঁর দাবি, কর্মরত অবস্থায় পেশাদার গায়ক হিসেবে কাজ করার সরকারি অনুমতি পাওয়া তাঁদের বিভাগের একমাত্র পুলিশকর্মী তিনিই। সঙ্গীতচর্চার সুবিধার জন্য বেশিরভাগ সময় রাতের ডিউটি করেন। পাশাপাশি তিনি একজন লেখকও। ইতিমধ্যেই তিনটি বই প্রকাশিত হয়েছে এবং আরও আটটি বই লেখার কাজ চলছে।
অনুষ্ঠানে নিজের লেখা ও সুর করা একটি মৌলিক গান পরিবেশন করেন কপিল। তাঁর গায়কি বিচারকদের এতটাই মুগ্ধ করে যে, তাঁকে ১ লক্ষ টাকার নগদ পুরস্কারে সম্মানিত করা হয়।
বিচারক হর্ষ লিম্বাচিয়া মজা করে বলেন, “আমরা যদি কোনও অপরাধ করি, তা হলে কিন্তু আপনিই আমাদের ধরতে আসবেন।” কপিলের তাৎক্ষণিক জবাব, “আপনারা অপরাধ করবেনই বা কেন?” তাঁর উত্তর শুনে হাসিতে ফেটে পড়েন উপস্থিত সবাই।
অনুষ্ঠানের শেষে সময় রায়নাও কপিলের উপস্থিতির প্রশংসা করেন। তিনি বলেন, “দেশের পুলিশবাহিনী থেকে কেউ আমাদের শো-তে এসেছেন, এর জন্য অনেক ধন্যবাদ। এতে আমাদের শো-এর বিশ্বাসযোগ্যতা আরও বেড়ে গেল।”
বিতর্কের বদলে এ বার প্রতিভা, সরলতা এবং রসবোধের জন্যই ‘ইন্ডিয়াজ় গট লেটেন্ট’-এর নতুন পর্বে দর্শকদের মন জয় করেছেন উত্তরপ্রদেশ পুলিশের কনস্টেবল কপিল দিনকর।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?