নেশনস লিগে জার্মানির গোলের বন্যা
নেশনস লিগে বড় জয় তুলে নিয়েছে জার্মানি ও নেদারল্যান্ডস। বসনিয়া ও হার্জেগোভিনাকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে জার্মানি, আর হাঙ্গেরির বিরুদ্ধে ৪-০ গোলে জয় পেয়েছে নেদারল্যান্ডস। এই জয়ে গ্রুপ এ৩-এর শীর্ষস্থান ধরে রেখেছে জার্মানি, দ্বিতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ডস।
জার্মানির দুরন্ত জয়
বসনিয়ার বিরুদ্ধে শুরু থেকেই দাপট দেখিয়েছে জার্মানি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই জামাল মুসিয়ালার দুরন্ত গোল দিয়ে এগিয়ে যায় দল। এর পর গোলের ধারা অব্যাহত রাখে জার্মানির খেলোয়াড়রা। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় দলটি। ২৩ মিনিটে টিম ক্লেইনডিয়েন্সট ও ৩৭ মিনিটে কাই হাভের্ৎজ় দলের পক্ষে গোল করেন।
দ্বিতীয়ার্ধে আরও বিধ্বংসী হয়ে ওঠে জার্মানি। ৫০ এবং ৫৭ মিনিটে পর পর দুটি গোল করেন ফ্লোরিয়ান উইর্ৎজ়। ৬৬ মিনিটে ষষ্ঠ গোল করেন লেরয় সানে। ৭৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ক্লেইনডিয়েন্সট। বসনিয়ার গোল লক্ষ্য করে মোট ১৩টি শট নেয় জার্মানি, যার মধ্যে সাতটি জালে ঢোকে। কয়েকটি সুযোগ হাতছাড়া না হলে ব্যবধান আরও বাড়তে পারত।
নেদারল্যান্ডসের দাপুটে পারফরম্যান্স
একই পয়েন্ট নিয়ে হাঙ্গেরির বিরুদ্ধে মাঠে নামে নেদারল্যান্ডস। ম্যাচটি দু’দলের জন্যই গুরুত্বপূর্ণ ছিল। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে নেদারল্যান্ডস। প্রথমার্ধে জোড়া পেনাল্টি থেকে গোল করেন উট উইঘর্স্ট (২১ মিনিট) ও কডি গ্যাকপো (সংযুক্তি সময়)।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার অব্যাহত রাখে দলটি। ৬৪ মিনিটে ডেনজ়েল ডামফ্রিস এবং ৮৫ মিনিটে টিউন কুপমেইনার্স দলের হয়ে বাকি দুটি গোল করেন। ম্যাচে হাঙ্গেরি বহু চেষ্টা করেও গোলের সুযোগ তৈরি করতে পারেনি।
খেলায় অপ্রত্যাশিত বাধা
ম্যাচ শুরুর সাত মিনিট পর খেলা কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। হাঙ্গেরির সহকারী কোচ অ্যাডাম জ়ালাই অসুস্থ হয়ে পড়েন। মাঠেই তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। প্রায় ১০ মিনিট খেলা বন্ধ ছিল। পরে হাঙ্গেরি দল জানায়, জ়ালাই স্থিতিশীল আছেন এবং তাঁর চিকিৎসা চলছে।