নতুন অধ্যায়ের পথে শিখর ধাওয়ান: ফেব্রুয়ারিতে দিল্লিতে বসছে বিয়ের আসর, কে সেই বিশেষ মানুষ?

নতুন অধ্যায়ের পথে শিখর ধাওয়ান! জীবনের কঠিন সময় পেরিয়ে আবার নতুন করে পথচলা শুরু করতে চলেছেন শিখর ধাওয়ান। বাঙালি স্ত্রী আয়েষা মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পর কেটে গিয়েছে বেশ কিছুটা সময়।…

January 6, 2026
1 min read

নতুন অধ্যায়ের পথে শিখর ধাওয়ান!

জীবনের কঠিন সময় পেরিয়ে আবার নতুন করে পথচলা শুরু করতে চলেছেন শিখর ধাওয়ান। বাঙালি স্ত্রী আয়েষা মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পর কেটে গিয়েছে বেশ কিছুটা সময়। সেই অধ্যায় পিছনে ফেলে এ বার ফের বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার। সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহেই দিল্লিতে চার হাত এক হতে চলেছে।

ধাওয়ানের ঘনিষ্ঠ সূত্রে খবর, এই বিয়েতে খুব বেশি আড়ম্বরের জায়গা রাখছেন না তিনি। কাছের মানুষ, পরিবার এবং নির্বাচিত বন্ধুদের উপস্থিতিতেই অনুষ্ঠান সারতে চান। ক্রিকেট এবং বিনোদন জগতের কয়েক জন পরিচিত মুখ হাজির থাকতে পারেন, তবে নজরকাড়া কোনও জাঁকজমক নয়— এমনটাই নাকি ধাওয়ানের ভাবনা। প্রস্তুতির বেশির ভাগ দায়িত্ব নিজেই দেখভাল করছেন তিনি।

যাঁর সঙ্গে জীবন নতুন করে সাজাতে চলেছেন ধাওয়ান, তিনি সোফি শাইন। বর্তমানে সোফি ‘শিখর ধাওয়ান ফাউন্ডেশন’-এর প্রধান হিসেবে কাজ করছেন। ধাওয়ানের সমাজসেবামূলক নানা উদ্যোগের সঙ্গেই ঘনিষ্ঠ ভাবে যুক্ত তিনি। ঘনিষ্ঠদের মতে, এই সম্পর্ক ধাওয়ানের জীবনে স্থিরতা আর ইতিবাচকতার ছোঁয়া এনেছে। “দু’জনেই খুব খুশি। শিখর নতুন করে জীবন শুরু করতে প্রস্তুত,” বলছেন ধাওয়ানের এক ঘনিষ্ঠ।

সোফি ও শিখরের সম্পর্ক নিয়ে জল্পনা অবশ্য নতুন নয়। গত বছর দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় দু’জনকে একসঙ্গে ভারতের ম্যাচ দেখতে দেখা গিয়েছিল। তখন অবশ্য সোফির পরিচয় প্রকাশ্যে আসেনি। পরে ধীরে ধীরে সমাজমাধ্যমে একসঙ্গে ছবি পোস্ট করতে শুরু করেন তাঁরা। সেখান থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে কৌতূহল বাড়তে থাকে।

শোনা যায়, কয়েক বছর আগে দুবাইতেই প্রথম আলাপ হয় ধাওয়ান ও সোফির। বন্ধুত্ব থেকেই ধীরে ধীরে সেই সম্পর্ক প্রেমে গড়ায়। গত এক বছর ধরে তাঁরা একসঙ্গে থাকছেন বলেও জানা গিয়েছে। এই সময়টায় ধাওয়ানের পেশাদার এবং ব্যক্তিগত জীবনে সোফির ভূমিকা গুরুত্বপূর্ণ বলেই মনে করেন অনেকে। সদ্য প্রকাশিত ধাওয়ানের আত্মজীবনী ‘দ্য ওয়ান: মাই লাইফ অ্যান্ড মোর’-এও জীবনের নানা ওঠাপড়ার কথা খোলাখুলি তুলে ধরেছেন তিনি।

আগের দাম্পত্য জীবনের কথাও লুকোননি ধাওয়ান। আয়েষার সঙ্গে তাঁর একমাত্র ছেলে, ১১ বছরের জোরাভর ধাওয়ান, থাকে মায়ের সঙ্গেই। ছেলের প্রতি ভালোবাসা বরাবরই স্পষ্ট ধাওয়ানের কথাবার্তায়। কিছু দিন আগে এক অনুষ্ঠানে নিজের জীবনে নতুন প্রেমের ইঙ্গিত দিয়েছিলেন তিনি, যদিও তখন নাম প্রকাশ করেননি।

এ বার সেই অপেক্ষার অবসান। জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন শিখর ধাওয়ান। মাঠে তাঁর আগ্রাসী ব্যাটিং যেমন পরিচিত ছিল, ঠিক তেমনই ব্যক্তিগত জীবনে এই সিদ্ধান্তেও ধরা পড়ছে আত্মবিশ্বাস আর শান্ত স্থিরতার ছাপ। ফেব্রুয়ারিতে দিল্লিতে শুরু হতে চলেছে ধাওয়ানের জীবনের আর এক নতুন ইনিংস।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *