দেবের জীবনের নানা অধ্যায়ে একটাই ধ্রুবক!
টলিউডে অনেক জুটি এসেছে, অনেক জুটি হারিয়েও গিয়েছে সময়ের স্রোতে। কিন্তু দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নাম উচ্চারিত হলেই আজও দর্শকের মনে ফিরে আসে একগুচ্ছ স্মৃতি। পর্দার রোম্যান্স থেকে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে জল্পনা, দূরত্ব, আবার নতুন করে একসঙ্গে কাজ— গত ১৭ বছরে তাঁদের সম্পর্কের পথচলা যেন কোনও সিনেমার চিত্রনাট্যের চেয়ে কম নয়।
২০০৯ সালে রাজ চক্রবর্তীর ‘চ্যালেঞ্জ’ ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যায় দেব ও শুভশ্রীকে। তখন দেব জনপ্রিয়তার সিঁড়ি দ্রুত বেয়ে উঠছেন, আর শুভশ্রী ছিলেন ইন্ডাস্ট্রির নতুন মুখ। ছবির সাফল্যের সঙ্গে সঙ্গেই দর্শকদের মনেও জায়গা করে নেয় এই নতুন জুটি।
একই বছর মুক্তি পায় ‘পরান যায় জ্বলিয়া রে’। সেই ছবিও ব্যাপক জনপ্রিয়তা পায়। ধীরে ধীরে টলিউডের অন্যতম সফল জুটিতে পরিণত হন তাঁরা। পর্দার রসায়নের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক নিয়েও নানা গুঞ্জন ছড়াতে শুরু করে। যদিও কখনও প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কেউই।
এর পর কয়েক বছরের ব্যবধানে ‘রোমিও’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’-এর মতো একাধিক ছবিতে একসঙ্গে দেখা যায় তাঁদের। বক্স অফিসে সাফল্যের পাশাপাশি দর্শকদের কাছেও তাঁরা হয়ে ওঠেন প্রিয় জুটি। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা জল্পনা বাড়তে থাকে। শোনা যায়, একসময় তাঁদের মধ্যে দূরত্বও তৈরি হয়েছিল।
তা সত্ত্বেও পেশাগত সম্পর্ক অটুট ছিল। দেব বহুবার জানিয়েছেন, নিজের প্রথম প্রযোজিত ছবিতে শুভশ্রীকে নায়িকা করার প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। সেই কথা রেখেই ‘ধূমকেতু’ ছবিতে শুভশ্রীকে কাস্ট করেন তিনি। যদিও ছবিটি ২০১৬ সালে তৈরি হলেও নানা কারণে মুক্তি পেতে প্রায় এক দশক সময় লেগে যায়।
এর মধ্যে দু’জনের জীবনেই এসেছে বড় পরিবর্তন। দেব প্রতিষ্ঠিত হয়েছেন সফল প্রযোজক ও পরবর্তীতে পরিচালক হিসেবেও। অন্যদিকে শুভশ্রী বিয়ে করেছেন পরিচালক রাজ চক্রবর্তীকে এবং এখন দুই সন্তানের মা।
দীর্ঘ সময় একসঙ্গে কাজ না করলেও তাঁদের বন্ধুত্বের বন্ধন পুরোপুরি ছিন্ন হয়নি। ২০২৫ সালে ‘ধূমকেতু’ মুক্তিকে কেন্দ্র করে আবার এক মঞ্চে দেখা যায় তাঁদের। সেই মুহূর্ত অনুরাগীদের মধ্যে নতুন আশার সঞ্চার করে।
অবশেষে সেই প্রত্যাশা বাস্তব রূপ পেয়েছে। ‘দেশু ৭’-এর মাধ্যমে আবার একসঙ্গে ফিরছেন দেব ও শুভশ্রী। বিশেষ তাৎপর্যের বিষয়, যেমন দেবের প্রথম প্রযোজিত ছবির নায়িকা ছিলেন শুভশ্রী, তেমনই তাঁর প্রথম পরিচালিত ছবির নায়িকাও শুভশ্রী।
১৭ বছরের এই যাত্রায় সম্পর্কের সংজ্ঞা বহুবার বদলেছে। সহকর্মী, বন্ধু, গুঞ্জনের কেন্দ্রবিন্দু— নানা পরিচয়ের মধ্যে দিয়ে গিয়েছেন তাঁরা। কিন্তু সময়ের পরীক্ষায় একটি বিষয় বারবার প্রমাণিত হয়েছে— দেবের দীর্ঘ ফিল্মি সফরে শুভশ্রী ছিলেন এক অনিবার্য উপস্থিতি। আর সেই কারণেই ‘দেশু’ জুটির প্রত্যাবর্তন আজও দর্শকদের কাছে বিশেষ আবেগের নাম।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?