তৎকাল টিকিট পেতে এবার বাধ্যতামূলক আধার! কালোবাজারি ঠেকাতে রেলের কড়া নির্দেশিকা

কালোবাজারি ঠেকাতে রেলের কড়া নির্দেশিকা তৎকাল টিকিট কাটতে গিয়ে বারবার অনলাইনে বিফল? কাউন্টারে গিয়ে বারংবার খালি হাতে ফিরতে হয়েছে? ভারতীয় রেলের কাছে এমন অভিযোগ নতুন নয়। এবার সেই সমস্যা রুখতে…

June 12, 2025
1 min read

কালোবাজারি ঠেকাতে রেলের কড়া নির্দেশিকা

তৎকাল টিকিট কাটতে গিয়ে বারবার অনলাইনে বিফল? কাউন্টারে গিয়ে বারংবার খালি হাতে ফিরতে হয়েছে? ভারতীয় রেলের কাছে এমন অভিযোগ নতুন নয়। এবার সেই সমস্যা রুখতে ও কালোবাজারি বন্ধে বড় পদক্ষেপ করল রেল। আগামী ১ জুলাই থেকে তৎকাল টিকিট কাটতে লাগবে আধার কার্ড।

রেলের নয়া নিয়ম বলছে, আইআরসিটিসির ওয়েবসাইট বা অ্যাপ— যেখান থেকেই তৎকাল টিকিট কাটুন না কেন, আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেই ওটিপি দিলেই মিলবে টিকিট। অনলাইনের পাশাপাশি কাউন্টার থেকে তৎকাল টিকিট কাটলেও দিতে হবে আধার কার্ড।

রেলের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, যাঁদের ইতিমধ্যেই আইআরসিটিসি-তে অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের ইউজ়ার আইডির সঙ্গে আধার সংযোগ করানো বাধ্যতামূলক। যারা এখন অ্যাকাউন্ট খুলবেন, তাদের ক্ষেত্রেও এই সংযুক্তি একান্ত আবশ্যিক। আইআরসিটিসি প্ল্যাটফর্মে আধার লিংক না থাকলে ১ জুলাই থেকে তারা আর তৎকাল টিকিট কাটতে পারবেন না।

এই সিদ্ধান্ত রেলের কাছে গুরুত্বপূর্ণ কারণ তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে বারংবার অভিযোগ উঠেছে কালোবাজারির বিরুদ্ধে। বহু ট্রাভেল এজেন্ট একাধিক ভুয়ো আইডি ব্যবহার করে সিস্টেমে ঢুকে মুহূর্তে তৎকাল টিকিট কেটে নিচ্ছেন। পরবর্তীতে সাধারণ যাত্রীদের কাছে সেই টিকিট বেশি দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এবার সেই কালোবাজারি বন্ধ করতে আরও এক ধাপ এগোল রেল। নয়া নিয়মে এজেন্টদের ক্ষেত্রে যুক্ত করা হয়েছে কঠিন শর্ত— তৎকাল বুকিং শুরুর প্রথম ৩০ মিনিট তারা কোনোভাবেই টিকিট কাটতে পারবেন না। এটা প্রযোজ্য সব কামরার ক্ষেত্রেই, তা সে এসি হোক বা নন-এসি।

রেলের আধিকারিকদের মতে, এই নিয়ম কার্যকর হলে সাধারণ যাত্রীরা কিছুটা হলেও সুবিধা পাবেন। কারণ শুরুতেই ভুয়ো বা একাধিক এজেন্ট অ্যাকাউন্ট দিয়ে টিকিট আটকে ফেলার প্রবণতা কমবে। অনেকে আগে অভিযোগ করেছিলেন, বুকিং শুরু হতেই ওয়েবসাইটে ঢুকেও তারা টিকিট পান না— কারণ আগেই “সব বুকড” দেখায়। রেলের আশা, এবার অন্তত সেই সমস্যা কিছুটা কমবে।

এছাড়াও রেলের তরফে জানানো হয়েছে, আধার ভিত্তিক ওটিপি প্রক্রিয়ার মাধ্যমে টিকিট কাটার ফলে প্রতিটি যাত্রীর পরিচয় নিশ্চিত হবে। ফলে যেকোনও সন্দেহজনক অ্যাক্টিভিটির ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিতে পারবে রেল কর্তৃপক্ষ।

তবে সাধারণ যাত্রীদের অনেকেই মনে করছেন, নিয়ম কড়া হলে ভালো, কিন্তু আইআরসিটিসির প্রযুক্তি যদি ঠিকঠাক কাজ না করে, তাহলে আধার থাকার পরেও টিকিট মিলবে না। তাই রেলকে এই প্রযুক্তিগত দিকেও বিশেষ নজর দিতে হবে।

এখন দেখার, এই নতুন নিয়ম বাস্তবে কতটা কার্যকর হয় এবং যাত্রীদের ভোগান্তি কমাতে কতটা সাহায্য করতে পারে।

চল্লিশের পর ফিটনেস মানে শুধু ঘাম নয়, সচেতনতা! লিসা রে জানালেন কোন ব্যায়াম থেকে দূরে থাকবেন

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *