তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল!
প্রায় ৩০ বছর পর আবার বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ফিরছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। ২০২৯ সালের ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে ঐতিহাসিক এই স্টেডিয়াম। একই সঙ্গে ২০২৮ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যুও চূড়ান্ত করেছে উয়েফা। সেই ম্যাচ হবে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ অ্যালিয়ান্জ় এরিনায়।
শেষ বার ১৯৯৯ সালে ন্যু ক্যাম্পে হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। সেই ম্যাচে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে শেষ মুহূর্তে নাটকীয় জয় পেয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। প্রায় তিন দশক পর আবার ইউরোপীয় ফুটবলের সবচেয়ে মর্যাদার ম্যাচের জন্য সেজে উঠবে বার্সেলোনার মাঠ।
এই মুহূর্তে অবশ্য পুরোপুরি প্রস্তুত নয় ন্যু ক্যাম্প। ২০৩০ সালের বিশ্বকাপকে সামনে রেখে স্টেডিয়ামটির ব্যাপক সংস্কার চলছে। তৃতীয় টায়ার এবং ছাদের কাজ এখনও বাকি। পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের মধ্যে সংস্কার শেষ হওয়ার কথা। কাজ সম্পূর্ণ হলে ন্যু ক্যাম্পে এক লক্ষ পাঁচ হাজার দর্শক বসে ম্যাচ দেখতে পারবেন।
২০২৮ সালের ফাইনালের দায়িত্বও কম গুরুত্বপূর্ণ নয়। বায়ার্ন মিউনিখের অ্যালিয়ান্জ় এরিনা আবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আয়োজক হচ্ছে। ২০১২ এবং ২০২৫ সালেও এই মাঠে ইউরোপসেরার ফাইনাল হয়েছিল। অর্থাৎ মাত্র তিন বছরের ব্যবধানে ফের বড় ম্যাচ আয়োজনের সুযোগ পাচ্ছে মিউনিখ।
উয়েফার বৈঠকে চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও একাধিক ইউরোপীয় প্রতিযোগিতার ফাইনালের মাঠ নির্ধারিত হয়েছে। ২০২৮ সালের মহিলা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে ফ্রান্সের লিয়ঁর স্টেডিয়ামে। ২০২৯ সালের ফাইনালের দায়িত্ব পেয়েছে ওয়েলসের কার্ডিফ ন্যাশনাল স্টেডিয়াম।
ইউরোপা লিগের ক্ষেত্রেও ভেন্যু চূড়ান্ত হয়েছে। ২০২৮ সালের ফাইনাল হবে রোমানিয়ায়, বুখারেস্টে। পরের বছর অর্থাৎ ২০২৯ সালের ফাইনাল হবে সার্বিয়ার বেলগ্রেড ন্যাশনাল স্টেডিয়ামে।
অন্য দিকে, ২০২৮ সালের কনফারেন্স লিগের ফাইনাল আয়োজন করবে ইটালির তুরিন। ২০২৯ সালের ফাইনাল হবে হাঙ্গেরির বুদাপেস্টে। পাশাপাশি ২০২৭ সালের উয়েফা সুপার কাপের ফাইনাল হবে আমস্টারডমে এবং ২০২৮ সালের সুপার কাপের দায়িত্ব পেয়েছে কাজ়াখস্তান। ২০২৭ সালের ফুটসল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে সুইৎজ়ারল্যান্ডে।
সব মিলিয়ে ২০২৭ থেকে ২০২৯—তিন বছরের জন্য ইউরোপীয় ফুটবলের একাধিক গুরুত্বপূর্ণ ফাইনালের মঞ্চও নির্ধারিত করে ফেলল উয়েফা। তবে সবচেয়ে বেশি নজর থাকবে ন্যু ক্যাম্পের দিকে। তিন দশক পর বার্সেলোনার ঘরের মাঠে ফের চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি নিয়ে লড়াই করবেন ইউরোপের সেরা দুই ক্লাব।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।