কাঁচা আমেই মিষ্টিমুখ!
গরম মানেই আমের মরসুম। পাকা আমের মিষ্টি, শেক বা আইসক্রিম তো অনেকেই খান, কিন্তু কাঁচা আম দিয়েও যে দারুণ সব মিষ্টির পদ তৈরি করা যায়, তা অনেকেরই অজানা। টক-মিষ্টি স্বাদের এই পদগুলি শুধু জিভে জল আনবে না, ফিরিয়ে আনবে ছোটবেলার গরমের ছুটির স্মৃতিও। রইল কাঁচা আম দিয়ে তৈরি ৫টি সহজ ও সুস্বাদু মিঠাইয়ের রেসিপি।
১) কাঁচা আমের পায়েস
চিরাচরিত পায়েসে একটু অন্য স্বাদ আনতে ব্যবহার করুন কাঁচা আম। ঘন দুধের সঙ্গে কাঁচা আমের হালকা টক স্বাদ অসাধারণ লাগে।
কী ভাবে বানাবেন?
দুধ ভাল করে ফুটিয়ে অর্ধেক করে নিন। চাইলে কেশর মেশাতে পারেন। দুধ ঠান্ডা হলে তাতে কনডেন্সড মিল্ক মেশান। অন্য দিকে গ্রেট করা কাঁচা আম সামান্য সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। আমের জল ভাল করে বের করে দুধে মিশিয়ে দিন। শেষে গোলাপজল, বাদামকুচি আর পেস্তা ছড়িয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।
২) কাঁচা আমের ভাপা সন্দেশ
ভাপা সন্দেশে কাঁচা আমের টুইস্ট একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে।
প্রণালী:
দুধ ফাটিয়ে ছানা বানিয়ে নিন। অন্য দিকে কাঁচা আম বেটে সামান্য চিনি দিয়ে জেলির মতো ঘন করে নিন। ছানা, গুঁড়ো দুধ, চিনি ও সেই আমের মিশ্রণ ব্লেন্ড করে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। ঘি মাখানো পাত্রে ঢেলে ২০ মিনিট ভাপিয়ে নিন। ঠান্ডা হলে টুকরো করে পরিবেশন করুন।
৩) কাঁচা আম ও সুজির কেক
এটি এক ধরনের ঘরোয়া ফাজ বা হালুয়ার মতো, কিন্তু খেতে একেবারেই আলাদা।
কী ভাবে করবেন?
ঘিতে সুজি ভেজে তাতে গ্রেট করা কাঁচা আম দিন। চিনি মেশানোর পরে মিশ্রণ নরম হয়ে এলে গুঁড়ো দুধ, এলাচগুঁড়ো ও বাদাম কুচি মেশান। সব কিছু ভাল করে নেড়ে একটি ট্রেতে ঢেলে ঠান্ডা হতে দিন। পরে কেকের মতো কেটে পরিবেশন করুন।
৪) কাঁচা আমের শরবত-পপস
গরমে ঠান্ডা কিছু চাইলে এই পদ একেবারে পারফেক্ট।
প্রণালী:
মিক্সিতে কাঁচা আম, পুদিনাপাতা, চিনি, বিটনুন ও বরফ ব্লেন্ড করুন। আলাদা করে লঙ্কাগুঁড়ো, জিরেগুঁড়ো, চাটমশলা মিশিয়ে ঝাল মশলা তৈরি করুন। গ্লাসে শরবত ঢেলে উপর থেকে মশলা ছড়িয়ে পরিবেশন করুন। চাইলে পপসিকল মোল্ডে জমিয়েও খেতে পারেন।
৫) কাঁচা আমের পুডিং
টক-মিষ্টি এই পুডিং গরমের বিকেলে জমিয়ে খাওয়া যায়।
কী ভাবে বানাবেন?
কাঁচা আম বেটে ছেঁকে নিয়ে তাতে চিনি ও আগর আগর মিশিয়ে ফুটিয়ে নিন। আলাদা করে দুধেও একই ভাবে আগর আগর মিশিয়ে নিন। একটি পাত্রে আগে আমের স্তর, তার উপর দুধের স্তর দিয়ে ফ্রিজে জমতে দিন। কয়েক ঘণ্টা পরে টুকরো করে পরিবেশন করুন।
কাঁচা আম শুধু আচার বা চাটনির মধ্যেই সীমাবদ্ধ নয়। একটু অন্য ভাবে ব্যবহার করলেই তা হয়ে উঠতে পারে গরমের সেরা মিষ্টিমুখ।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা