কমনওয়েলথ সোনাজয়ী প্যারা অ্যাথলিটকে ডেকে দু’ঘণ্টা অপেক্ষা! রাজ ঠাকরের দেখা না পেয়ে ফিরে গেলেন দিলীপ

কমনওয়েলথ সোনাজয়ী প্যারা অ্যাথলিটকে ডেকে দু’ঘণ্টা অপেক্ষা! কমনওয়েলথ গেমসে সোনা জিতে দেশের নাম উজ্জ্বল করেছেন দিলীপ গাভিট। কিন্তু সেই সাফল্যের পরেই এক অস্বস্তিকর অভিজ্ঞতার মুখে পড়তে হল মহারাষ্ট্রের এই প্যারা…

August 8, 2026
0 min read

কমনওয়েলথ সোনাজয়ী প্যারা অ্যাথলিটকে ডেকে দু’ঘণ্টা অপেক্ষা!

কমনওয়েলথ গেমসে সোনা জিতে দেশের নাম উজ্জ্বল করেছেন দিলীপ গাভিট। কিন্তু সেই সাফল্যের পরেই এক অস্বস্তিকর অভিজ্ঞতার মুখে পড়তে হল মহারাষ্ট্রের এই প্যারা অ্যাথলিটকে। দেখা করার জন্য তাঁকে ডেকে পাঠিয়েছিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরে। নির্দিষ্ট সময়ে কোচকে সঙ্গে নিয়ে হাজির হলেও প্রায় দু’ঘণ্টা অপেক্ষা করতে হয় দিলীপকে। শেষ পর্যন্ত রাজের সঙ্গে দেখা না করেই ফিরে যান তিনি।

সদ্য শেষ হওয়া কমনওয়েলথ গেমসে টি৪৭ ১০০ মিটার দৌড়ে সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন দিলীপ। এই ইভেন্টে ভারতের প্রথম অ্যাথলিট হিসাবে সোনা জিতেছেন তিনি। একই প্রতিযোগিতায় রুপো পেয়েছেন ভারতেরই মহম্মদ বাসিল।

নাসিকের বাসিন্দা দিলীপ। রাজনৈতিক কর্মসূচিতে বর্তমানে নাসিকে রয়েছেন রাজ ঠাকরে। সেই সূত্রেই কমনওয়েলথে সোনাজয়ী প্যারা অ্যাথলিটের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন এমএনএস প্রধান। সেই মতো সময় মেনে কোচ বৈজনাথ কালেকে সঙ্গে নিয়ে রাজের সঙ্গে দেখা করতে পৌঁছে যান দিলীপ।

কিন্তু সেখানে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেও রাজের সঙ্গে দেখা হয়নি তাঁদের। প্রায় দু’ঘণ্টা কেটে যাওয়ার পর কোচ এবং দিলীপ ফিরে আসতে চাইলে এমএনএস কর্মীরা তাঁদের আরও কিছুক্ষণ অপেক্ষা করার অনুরোধ করেন। তবে শেষ পর্যন্ত আর অপেক্ষা করেননি তাঁরা।

পুরো ঘটনাটি নিয়ে সংবাদ সংস্থা পিটিআইকে বৈজনাথ বলেন, ‘‘আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। স্যর নানা কাজে খুবই ব্যস্ত। আমরা পরে দেখা করে নেব।’’ দিলীপ অবশ্য এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

দিলীপের জীবনও লড়াইয়ের গল্প। ডান হাত কনুই থেকে নেই তাঁর। মাত্র চার বছর বয়সে গাছ থেকে পড়ে গিয়ে ডান হাতে চোট পেয়েছিলেন তিনি। পরে চিকিৎসায় গাফিলতির অভিযোগে কনুই থেকে ডান হাতের বাকি অংশ হারাতে হয় তাঁকে।

কৃষক পরিবারের সন্তান দিলীপ সেই প্রতিকূলতাকে পিছনে ফেলে অ্যাথলেটিক্সে নিজের জায়গা তৈরি করেছেন। কমনওয়েলথ গেমসে টি৪৭ ১০০ মিটারে সোনা জিতে শুধু পদকই আনেননি, তৈরি করেছেন দেশের ক্রীড়াক্ষেত্রেও নতুন নজির।

তাই রাজ ঠাকরের সঙ্গে দেখা করার সুযোগ পাওয়ার ঘটনাটি দিলীপের জন্য বিশেষ গুরুত্বের হতে পারত। কিন্তু দীর্ঘ অপেক্ষার পর সেই সাক্ষাৎ আর হল না। আপাতত তাঁর ঐতিহাসিক সাফল্যই আলোচনার কেন্দ্রে— আর রাজের সঙ্গে সাক্ষাৎ কবে হবে, তা অবশ্য অনিশ্চিত।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *