এশিয়া কাপে এক মাস পর ফের ভারত-পাকিস্তান মহারণ!
মহিলা ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিল ২০২৬ সালের মহিলা এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি। আগামী ২৮ অগস্ট থেকে সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে শুরু হবে এই মর্যাদাপূর্ণ টি-টোয়েন্টি প্রতিযোগিতা। সূচি প্রকাশের পর থেকেই সবচেয়ে বেশি নজর কেড়েছে ভারত-পাকিস্তান ম্যাচ, যা অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর।
এ বারের এশিয়া কাপের সব ম্যাচই হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং প্রতিটি ম্যাচই ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় রাত ৮টা থেকে শুরু হবে সব খেলা। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর।
হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারত রয়েছে গ্রুপ ‘এ’-তে। এই গ্রুপে ভারতের প্রতিপক্ষ থাইল্যান্ড, হংকং এবং চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।
ভারতের গ্রুপ পর্বের সূচি:
- ৩০ অগস্ট — ভারত বনাম থাইল্যান্ড
- ৩ সেপ্টেম্বর — ভারত বনাম হংকং
- ৫ সেপ্টেম্বর — ভারত বনাম পাকিস্তান
ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বরাবরের মতোই উত্তেজনা তুঙ্গে থাকার সম্ভাবনা। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে এই লড়াই এখন খুবই সীমিত। তাই এশিয়া কাপের এই ম্যাচ নিয়ে সমর্থকদের আগ্রহ ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে।
অন্যদিকে, গ্রুপ ‘বি’-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহি। এই গ্রুপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হবে ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও বাংলাদেশের মুখোমুখি লড়াই।
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, প্রতিটি দল নিজেদের গ্রুপের বাকি তিনটি দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে। সেখান থেকে জয়ী দুই দল খেলবে ১৩ সেপ্টেম্বরের ফাইনালে।
মহিলাদের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে এ বার ষষ্ঠবার আয়োজিত হচ্ছে। গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। এর আগে ২০১৮ সালে বাংলাদেশ একবার শিরোপা জিতেছিল। ভারত এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল। ২০১২, ২০১৬ এবং ২০২২ সালে ট্রফি জিতেছে হরমনপ্রীতদের দল।
বিশ্বকাপের প্রস্তুতির দিক থেকেও এই টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের ঝালিয়ে নেওয়ার পাশাপাশি, শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েই দুবাইয়ে নামবে ভারতীয় মহিলা দল।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।