এশিয়ান গেমসে সোনা জিতেও গ্রামে মোবাইলের নেটওয়ার্ক নেই!!
দেশকে এশিয়ান গেমসে সোনা এনে দিয়েছেন। তাঁর নেতৃত্বে চিনকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতের মহিলা হকি দল। অথচ সেই দলের অধিনায়ক সালিমা টেটের নিজের গ্রামেই নেই মোবাইল সংযোগ। ফলে গ্রামে ফিরলেই কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। দেশের হয়ে এত বড় সাফল্য অর্জনের পরেও এই সমস্যার মুখে পড়তে হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন সালিমা।
গ্রামে গেলেই বন্ধ যোগাযোগ
ঝাড়খণ্ডের সিমডেগা জেলার বরকি ছপ্পর গ্রামের বাসিন্দা সালিমা। গ্রামে যাওয়ার আগে পরিচিতদের জানিয়ে দেন, কয়েক দিন তাঁকে ফোনে পাওয়া যাবে না। কারণ, নিজের গ্রামে মোবাইল সংযোগ না থাকায় কারও সঙ্গে কথা বলতে হলে তাঁকে গ্রামের বাইরে যেতে হয়।
‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে সালিমা জানিয়েছেন, এই সমস্যার কারণে হকি সংস্থার কর্তাদের পক্ষেও তাঁর সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়ে। গুরুত্বপূর্ণ ইমেল বা মেসেজও অনেক সময় সময়মতো দেখতে পান না তিনি। ফলে প্রয়োজনীয় তথ্য পাওয়া বা যোগাযোগ বজায় রাখা নিয়ে সমস্যা তৈরি হয়।
সালিমার কথায়, দেশের হকি দলের অধিনায়ক হওয়ার পরেও অন্যদের সঙ্গে যোগাযোগ করতে হলে তাঁকে গ্রামের বাইরে যেতে হয়। আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার পরেও নিজের গ্রামে ন্যূনতম মোবাইল পরিষেবা না পাওয়াকে তিনি দুর্ভাগ্যজনক বলে মনে করেন।
প্রশাসনের কাছে আবেদন
গ্রামে ফিরে সিমডেগার ডেপুটি কমিশনার কাঞ্চন সিংহের কাছে চিঠি দিয়েছেন সালিমা। তাঁর আবেদন, বরকি ছপ্পর গ্রামে মোবাইল সংযোগের পাশাপাশি পানীয় জলের ব্যবস্থাও করা হোক।
পিথরা গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিল ওরাওঁ জানিয়েছেন, সালিমার সাফল্যে গোটা গ্রাম ও পঞ্চায়েত গর্বিত। কিন্তু তাঁর গ্রামে এখনও একাধিক মৌলিক সমস্যা রয়েছে। পঞ্চায়েত এলাকায় একটি মোবাইল টাওয়ার থাকলেও সেটি বরকি ছপ্পর পর্যন্ত পরিষেবা দিতে পারে না বলে দাবি তাঁর। সালিমার বাবা মোবাইল টাওয়ার বসানোর জন্য জমি দিতে চাইলেও এখনও কোনও সমাধান হয়নি বলে জানিয়েছেন অনিল।
দ্রুত সমাধানের আশ্বাস প্রশাসনের
সিমডেগার জেলা ক্রীড়া আধিকারিক মনোজ কুমার জানিয়েছেন, সালিমার গ্রামের মোবাইল সংযোগের সমস্যার কথা আগে তাঁর জানা ছিল না। তাঁর বক্তব্য, সিমডেগা পাহাড়ি এলাকা হওয়ায় কিছু জায়গায় নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। জেলার মোবাইল সংযোগ পরিস্থিতি খতিয়ে দেখতে একটি কমিটি কাজ করছে। সালিমার গ্রামের সমস্যাটিও খতিয়ে দেখে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
সোনার পরেও রয়ে গিয়েছে সমস্যা
২০২৪ সালে ভারতের মহিলা হকি দলের অধিনায়ক হন সালিমা। চলতি বছরের এশিয়ান গেমসের ফাইনালে তাঁর নেতৃত্বে চিনকে ১-০ গোলে হারিয়ে সোনা জেতে ভারত। ১৯৮২ সালের পর এশিয়াডে মহিলাদের হকিতে ফের সোনা জিতেছে দেশ। এই জয়ের ফলে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে সরাসরি খেলার যোগ্যতাও অর্জন করেছে ভারতীয় দল।
দেশের হয়ে এমন সাফল্যের পরেও নিজের গ্রামে মোবাইল সংযোগের অভাব সালিমার দৈনন্দিন জীবনে বাধা হয়ে রয়েছে। এ বার প্রশাসনের উদ্যোগে সেই সমস্যার সমাধান হয় কি না, সেটাই দেখার।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।