এরিয়ান ক্লাবে শুরু ‘দাদা’র শুট!
ভোরের কলকাতা তখনও পুরোপুরি জেগে ওঠেনি। সকাল সাড়ে পাঁচটা নাগাদ ধূসর রঙের একটি বড় গাড়ি এসে থামল উত্তর কলকাতার ঐতিহ্যবাহী এরিয়ান ক্লাবের কাছে। সেই গাড়ি থেকেই নামলেন অভিনেতা Rajkummar Rao। শুরু হল বহু প্রতীক্ষিত সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাদা’র শুটিং।
প্রথম দিনের শুটিং ঘিরে সকাল থেকেই ছিল উৎসাহের আবহ। মাঠে তখন ছোট ছোট অভিনেতাদের ভিড়। তাঁদের মাঝখানে ‘দাদা’র লুকে রাজকুমার। কপালে ঘাম, গালে সানগার্ডের রং— দেখে অনেকেরই মনে হয়েছে, যেন সত্যিই মাঠে নেমেছেন Sourav Ganguly। ক্যামেরাবন্দি হয়েছে তাঁর প্র্যাকটিসের নানা মুহূর্ত, গা ঘামানোর দৃশ্য এবং মাঠে মন দিয়ে প্রস্তুতি নেওয়ার ছবি।
শুটিংয়ের একটি বিশেষ দৃশ্যে দেখা যায়, এক খুদে ভক্ত সৌরভের বিখ্যাত লর্ডসের জার্সি ঘোরানোর মুহূর্ত অনুকরণ করছে। সেই দৃশ্যেই যেন ধরা পড়েছে ‘দাদা’র জনপ্রিয়তা এবং তাঁর ক্রিকেট-ঐতিহ্যের আবেগ।
পুরো শুটিং তদারকিতে ছিলেন পরিচালক Vikramaditya Motwane। এক দিকে রাজকুমার শট দিচ্ছেন, অন্য দিকে মন দিয়ে ক্যামেরার ফ্রেম সাজাচ্ছেন পরিচালক। মজার বিষয়, ওই দিন দু’জনের পোশাকেও ছিল মিল— দু’জনেই ধূসর রঙের টি-শার্টে হাজির ছিলেন।
দিনভর দফায় দফায় শুটিং হয়েছে এরিয়ান ক্লাব মাঠে। ক্লাবের সদস্যদের কথায়, সৌরভের ক্রিকেট জীবনের শুরুর স্মৃতি জড়িয়ে রয়েছে এই মাঠের সঙ্গে। ছোটবেলায় ফুটবল খেললেও, এরিয়ান ক্লাবের হয়েই নাকি প্রথম নিয়মিত ক্রিকেট খেলেছিলেন তিনি। সেই কারণেই এই জায়গাকে বেছে নেওয়া হয়েছে ছবির গুরুত্বপূর্ণ অংশের জন্য।
শুধু ক্রিকেট নয়, ছবিতে উঠে আসছে সৌরভের ব্যক্তিগত জীবনও। প্রথম দিনের শুটিংয়ে ক্যামেরাবন্দি হয়েছে সৌরভ-ডোনার প্রেমের কিছু ঝলকও। স্কুলড্রেস পরা এক কিশোরীর অপেক্ষার দৃশ্য দিয়ে সেই আবহ তৈরি করা হয়েছে।
ছবির কাস্ট নিয়েও বাড়ছে আগ্রহ। Aparajita Adhya অভিনয় করছেন সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে। লালপাড় সাদা শাড়ি ও বড় সিঁদুরের টিপে নব্বইয়ের দশকের বাঙালি মায়ের চরিত্রে তাঁকে বেশ মানিয়েছে বলেই মত ইউনিটের অনেকের।
এ ছাড়া সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে Saswata Chatterjee-কে। সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করছেন রাহুল দেব বসু। আর বহু জল্পনার অবসান ঘটিয়ে জানা গিয়েছে, পর্দায় ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে থাকছেন Tanya Maniktala।
সব মিলিয়ে, প্রথম দিনের শুটিং থেকেই স্পষ্ট— শুধু ক্রিকেট নয়, আবেগ, পরিবার, সংগ্রাম এবং কলকাতার স্মৃতিকে একসঙ্গে নিয়ে বড় পর্দায় আসতে চলেছে ‘দাদা’।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা