কী ভাবে ফিট থাকেন সুস্মিতা?
কখনও কলকাতা, কখনও মুম্বই—কাজের সূত্রে দুই শহরের মধ্যে ছুটে বেড়াতে হয় সুস্মিতা চট্টোপাধ্যায়কে। তবে বর্তমানে মুম্বইতেই বেশি সময় কাটাচ্ছেন অভিনেত্রী। তাই সেখানেই নিজের শারীরচর্চার রুটিনটাও বেশ গুছিয়ে নিয়েছেন। দুর্গাপুজোর আগে নিজেকে ফিট রাখতে তাঁর সেই রুটিন থেকেই মিলতে পারে কিছুটা অনুপ্রেরণা।
সপ্তাহে তিন দিন জিমে ঘাম ঝরান সুস্মিতা। দু’দিন যোগাসন করেন, আর একটি দিন রাখেন নাচের জন্য। এর পাশাপাশি সপ্তাহের আর একটি দিনে শুরু করেছেন কিকবক্সিং শেখা। নতুন এই শরীরচর্চা বেশ পছন্দ হয়েছে তাঁর। কারণ, এতে শরীরের প্রায় প্রতিটি পেশি সক্রিয় হয় এবং শক্তিও বাড়ে।
সুস্মিতার কথায়, ‘‘কিকবক্সিং বেশ কঠিন, কিন্তু শিখে ভারি মজা পাচ্ছি। আর কঠিন জিনিসের দিকেই আমার যত আকর্ষণ।’’
চরিত্রের প্রয়োজনে অভিনেত্রীদের কিকবক্সিং শিখতে দেখা গেলেও নিজের ভাল লাগা থেকেই এই প্রশিক্ষণ শুরু করেছেন সুস্মিতা। ভবিষ্যতে কোনও চরিত্রে সেই দক্ষতা কাজে লাগলে সেটাও বাড়তি পাওনা। তাঁর মতে, কলকাতার তুলনায় মুম্বইয়ে সাধারণ মানুষের মধ্যেও ফিটনেস নিয়ে আগ্রহ বেশি চোখে পড়ে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত না হলেও অনেকে স্বাস্থ্যকর জীবনযাপনের দিকে যথেষ্ট গুরুত্ব দেন।
খাবারের ক্ষেত্রেও অবশ্য খুব কড়া নিয়মে নিজেকে বাঁধেননি সুস্মিতা। ভাত, ডাল, সবজি, মাছ, মাংস—প্রোটিনসমৃদ্ধ সাধারণ খাবারই থাকে তাঁর তালিকায়। মিষ্টিও পুরোপুরি বাদ দেননি। তবে একসঙ্গে বেশি খাওয়ার বদলে অল্প অল্প করে বার বার খান।
সহজে ওজন না বাড়ার কথাও জানিয়ে অভিনেত্রী বলেন, ‘‘এটা আমার জিনে রয়েছে বোধহয়, খুব সহজে ওজন বাড়ে না আমার।’’ বরং ওজন যাতে আরও কমে না যায়, সে জন্যই নিয়মিত জিম করতে হয় তাঁকে।
আর ফিটনেস মানেই যে রোগা হওয়া নয়, সেটিও স্পষ্ট করে দিয়েছেন সুস্মিতা। বিশেষ করে ঋতুস্রাবের আগে শরীরে সামান্য ফোলা বা পেট ভার লাগাকে তিনি স্বাভাবিক হিসাবেই দেখেন। সেই সময় শরীরের উপর বাড়তি চাপ দিতে চান না। শুটিং থাকলেও নিজের শরীরের প্রয়োজনকে গুরুত্ব দেন অভিনেত্রী।
মুম্বইয়ে থেকেও অবশ্য বাঙালি খাবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি সুস্মিতা। বাড়িতে বাঙালি রান্নার জন্য রাঁধুনি রাখার আগে কয়েক জনের রান্না চেখে দেখে তবেই একজনকে বেছে নিয়েছেন। তাঁর রাঁধুনি মাছ, চিংড়ি থেকে সাধারণ বাঙালি তরকারি—সবই রান্না করেন। তবে পোস্ত বা ইলিশের ঝোলের মতো বিশেষ কিছু খাবার খেতে ইচ্ছে করলে মুম্বইয়ের বাঙালি দোকান থেকেই আনিয়ে নেন তিনি।
নিজেকে ‘ফিটনেসের প্রতি পাগল’ বলেই মনে করেন সুস্মিতা। আর তাঁর অনুপ্রেরণার তালিকায় রয়েছেন ক্যাটরিনা কইফ। বিভিন্ন চরিত্রের প্রয়োজনে ক্যাটরিনা যেভাবে নিজের শরীরকে বদলে নেন, সেই নমনীয়তাই নিজের মধ্যেও ধীরে ধীরে তৈরি করতে চান সুস্মিতা।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।