অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধের বার্তা!
অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়ার প্রবণতা নিয়ে সচেতনতা বাড়াতে উদ্যোগী হল সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়। বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের উদ্যোগে আয়োজিত হল একটি সচেতনতামূলক পদযাত্রা। ওষুধের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যব্যবস্থায় ফার্মাসিস্টদের ভূমিকা তুলে ধরাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
ফার্মেসি কাউন্সিল অব ইন্ডিয়ার (পিসিআই) নির্দেশিকা মেনে এ বছরের কর্মসূচির মূল ভাবনা ছিল ‘এমপাওয়ারিং ফার্মাসিস্টস ফর হেলদিয়ার ফিউচারস’ এবং ‘স্বাস্থ্য ভারত: কমব্যাটিং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজ়িস্ট্যান্স (এএমআর)’। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজ়িস্ট্যান্সের বিপদ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই উদ্যোগে।
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে পদযাত্রার সূচনা করেন উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রার এবং অ্যাকাডেমিকসের ডিরেক্টর-সহ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ আধিকারিকেরা। শিক্ষার্থী, অধ্যাপক ও কর্মীরাও এই কর্মসূচিতে অংশ নেন। হাতে পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে তাঁরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন ওষুধের পরিমিত ব্যবহারের বার্তা। ‘ওষুধের সঠিক ও পরিমিত ব্যবহার করুন’, ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজ়িস্ট্যান্স রুখে দিন’ এবং ‘সুস্থ ভারত গড়ে তুলুন’—এমন নানা স্লোগান ছিল তাঁদের হাতে।
অনুষ্ঠানে ডিপার্টমেন্ট অব ফার্মেসির বিভাগীয় প্রধান অধ্যাপক অরিন ভট্টাচার্য রোগীর সুরক্ষা এবং ওষুধের সঠিক প্রয়োগ নিশ্চিত করার ক্ষেত্রে ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। নোডাল অফিসার অধ্যাপক সপ্তর্ষি দাস চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া নিজের ইচ্ছায় ওষুধ খাওয়ার প্রবণতা এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধের ঝুঁকি নিয়ে সতর্ক করেন। পাশাপাশি, এই সমাজসচেতনতামূলক কর্মসূচিতে পড়ুয়াদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন অধ্যাপক দেবলদেব দত্ত।
পদযাত্রার শেষে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীরা ওষুধের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজ়িস্ট্যান্স প্রতিরোধে নিজেদের ভূমিকা পালনের অঙ্গীকার করেন। সচেতনতা ছড়ানোর পাশাপাশি জনস্বাস্থ্যের প্রশ্নে শিক্ষাপ্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণের বার্তাও তুলে ধরে এই উদ্যোগ।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।