টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে ভারতীয় তারকা!
এক সময় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ভারতীয় দল থেকে দূরে সরে যেতে হয়েছিল তাঁকে। কিন্তু মাঠের পারফরম্যান্স দিয়েই সব জবাব দিলেন ঈশান কিশন। ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে আইপিএল এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ধারাবাহিক সাফল্যের পুরস্কার পেলেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার। উঠে এলেন আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকার শীর্ষে।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)-র প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গা দখল করেছেন ঝাড়খণ্ডের এই ক্রিকেটার। তাঁর রেটিং পয়েন্ট ৮৭৬। এর আগে এই কৃতিত্ব পেয়েছিলেন ভারতের আরও তিন ক্রিকেটার—বিরাট কোহলি, সূর্যকুমার যাদব এবং অভিষেক শর্মা।
ঈশানের উত্থানে শীর্ষস্থান হারিয়েছেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। দীর্ঘ সময় এক নম্বরে থাকা অভিষেক এখন নেমে গিয়েছেন দ্বিতীয় স্থানে। তাঁর রেটিং পয়েন্ট ৮৬৯।
গত মরশুম থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছেন ঈশান। ঘরোয়া ক্রিকেটে নিজেকে নতুন করে প্রমাণ করার পর আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেটেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর ব্যাট থেকে এসেছিল ৩১৭ রান, স্ট্রাইক রেট ছিল প্রায় ২০০। সেই পারফরম্যান্সই তাঁকে বিশ্বের সেরা টি-টোয়েন্টি ব্যাটার হওয়ার জায়গায় পৌঁছে দিয়েছে।
র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের সাহিবজ়াদা ফারহান। তাঁর রেটিং পয়েন্ট ৮৪৮। চতুর্থ স্থানে ইংল্যান্ডের ফিল সল্ট (৭৯২) এবং পঞ্চম স্থানে শ্রীলঙ্কার পাথুম নিসঙ্ক (৭৫১)।
প্রথম দশে ভারতের আরও দুই ক্রিকেটার রয়েছেন। তিলক বর্মা ৭৪৭ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছেন ষষ্ঠ স্থানে। অন্য দিকে, ভারতীয় টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারানো সূর্যকুমার যাদব এক ধাপ নেমে অষ্টম স্থানে রয়েছেন। তাঁর রেটিং পয়েন্ট ৭০৮।
তালিকায় সপ্তম স্থানে রয়েছেন ইংল্যান্ডের জস বাটলার (৭১৬)। নবম এবং দশম স্থানে রয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার মিচেল মার্শ (৭০৬) এবং দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস (৭০২)।
প্রায় দু’বছর ভারতীয় দলের বাইরে থাকার পর ঈশান কিশনের এই প্রত্যাবর্তন তাই শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং তাঁর মানসিক দৃঢ়তা এবং পারফরম্যান্সেরও বড় প্রমাণ। এক সময়ের বিতর্ক পেছনে ফেলে এখন তিনিই টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাটিং মুকুটের অধিকারী।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?