অনুশীলনে দু’বার চোট পেলেন শুভমন!
শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ় শুরুর আগে ভারতীয় শিবিরে কিছুটা উদ্বেগ তৈরি করেছেন অধিনায়ক শুভমন গিল। শুক্রবার থেকে শুরু হতে চলা তিন দিনের প্রস্তুতি ম্যাচের আগের দিন নেট অনুশীলনে দু’বার চোট পান তিনি। যদিও প্রাথমিকভাবে সেই আঘাত গুরুতর নয় বলেই মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার কলম্বোয় অনুশীলনের সময় প্রথমে ব্যাটিং করার সময় শুভমনের বুড়ো আঙুলে বল লাগে। ব্যথায় তিনি কিছু সময়ের জন্য নেট ছেড়ে বেরিয়ে আসেন এবং দলের ফিজিয়ো তাঁর চিকিৎসা করেন। প্রাথমিক শুশ্রূষার পর আবার ব্যাট হাতে অনুশীলনে ফিরে যান ভারতীয় অধিনায়ক।
কিন্তু সেখানেই শেষ হয়নি বিপত্তি। পরে স্লিপ ক্যাচিং অনুশীলনের সময় ফের ডান হাতে আঘাত পান শুভমন। যন্ত্রণায় মাঠেই বসে পড়েন তিনি। দ্বিতীয়বারের মতো ফিজিয়োকে মাঠে আসতে হয়। নতুন ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষও তাঁর খোঁজ নিতে এগিয়ে আসেন।
ভারতীয় দলের পক্ষ থেকে এখনও শুভমনের চোট নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে দলীয় সূত্রের খবর, আঘাত গুরুতর নয় এবং প্রস্তুতি ম্যাচ কিংবা আসন্ন টেস্ট সিরিজ়ে তাঁর অংশগ্রহণ নিয়ে আপাতত কোনও আশঙ্কা নেই। শ্রীলঙ্কা সফরেই প্রথমবার পূর্ণসময়ের টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন শুভমন।
অন্যদিকে, ভারতের জন্য আরও একটি ধাক্কা হল সাই সুদর্শনের অনুপস্থিতি। পায়ের চেটোয় চোট থাকায় তিনি প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না। বর্তমানে তিনি বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে পুনর্বাসনের মধ্যে রয়েছেন। সব ঠিক থাকলে চলতি সপ্তাহের শেষের দিকে তিনি শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন।
শুক্রবার থেকে শুরু হওয়া প্রস্তুতি ম্যাচে ভারতীয় দল মূল টেস্ট সিরিজ়ের আগে নিজেদের কম্বিনেশন ও প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে। তাই অধিনায়ক শুভমনের শারীরিক অবস্থা নিয়ে নজর থাকবে টিম ম্যানেজমেন্ট এবং সমর্থকদের।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।